'মাদক ব্যবসার দ্বন্দ্বে' শিশু অপহরণ, ১৫ দিন পর কূপে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জান্নাতুল খাতুন
জান্নাতুল খাতুন

সিরাজগঞ্জের কামারখন্দে অপহরণের ১৫ দিন পর পরিত্যক্ত কূপে পাওয়া গেছে জান্নাতুল খাতুন (৪) নামের এক শিশুর লাশ। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, মাদক ব্যবসার দ্বন্দ্ব নিয়ে প্রতিপক্ষকে শায়েস্তা করতেই জান্নাতুলকে অপহরণ ও খুন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে জামতৈল এলাকায় উপজেলার প্রধান ডাকঘরের পাশের জঙ্গলের ওই কূপ থেকে জান্নাতুলের লাশ উদ্ধার করে পুলিশ। সে জামতৈল রেলস্টেশনের কুলি সরদার আনোয়ার হোসেনের মেয়ে। জামতৈল গ্রামে তাঁর বাড়ি। আনোয়ার হোসেন নিজেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের ভাষ্য।
পুলিশ জানায়, জান্নাতুলকে ৭ অক্টোবর বিকেলে অপহরণ করা হয়। সন্ধ্যায় জামতৈল গ্রামের মঞ্জু মিয়াকে (২৫) সন্দেহভাজন হিসেবে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার উল্লাপাড়ার কাওয়াক গ্রামের নাজমুল হককে (২০) আটক করা হয়। মঞ্জুকে ওই দিন দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি জান্নাতুলকে হত্যা করে লাশ কূপের মধ্যে ইটচাপা দিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে গতকাল পুলিশ জান্নাতুলের গলিত লাশ উদ্ধার করে।
পুলিশ বলছে, আটক দুজনই মাদক ব্যবসায়ী। আর জান্নাতুলকে অপহরণের পর ঘটনার দিনই তার বাবা কামারখন্দ থানায় একটি অপহরণ মামলা করেন। প্রথমে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত বলে সন্দেহভাজন আরও তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওই তিনজন হলেন জামতৈল গ্রামের মৃত চৈতা সরকারের ছেলে আইয়ুব ওরফে কাঁঠাল মিয়া (৩৫), মৃত খোদা বক্সের ছেলে লালন (৩৪) ও সাবাদ শেখের ছেলে বকুল মিয়া (৪০)।

আনোয়ার হোসেন বলেছেন, অপহরণের দিন দুপুরে জান্নাতুল বাড়ির পাশে এক সঙ্গীর সঙ্গে খেলছিল। অনেক পরও সে বাসায় না ফিরলে বিকেলে খেলার সাথিকে জিজ্ঞাসা করা হয়। তখন সে বলে, মঞ্জু মিয়া তাকে নিয়ে গেছেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জু পুলিশের কাছে অপহরণের ঘটনা স্বীকার করলেও হত্যার কথা অস্বীকার করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দীন সর্দার বলেন, আসামিদের তথ্য অনুযায়ী মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাঁদের ধারণা। কেননা, মাদক ব্যবসা নিয়ে আনোয়ার ও মঞ্জুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সঙ্গে মঞ্জু ও নাজমুলের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ওসি জানান, আনোয়ার হোসেন একটি মাদক মামলায় তিন মাস কারাগারে থাকার পর ছাড়া পেয়েছেন।

মাদক ব্যবসা নিয়ে মঞ্জু মিয়ার সঙ্গে দ্বন্দ্বের এই অভিযোগ সম্পর্কে জানতে পরে জান্নাতুলের বাবা আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

জান্নাতুলের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার লাশ উদ্ধারের পর দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী উপজেলা পরিষদের চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন।