মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে নয়জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার সকালে অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এক হাজার ইয়াবা বড়ি এবং মাদক বহনকারীদের দুটি মোটরসাইকেল আটক করা হয়। জেনেভা ক্যাম্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এটাই প্রথম অভিযান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তৌফিকউদ্দিন আহমেদ বলেন, এই ক্যাম্পে অধিদপ্তরের এটাই প্রথম অভিযান। এখানে মাদকের বেচাকেনা হয়—এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ঢাকায় এ ব্যবসার সঙ্গে যুক্ত নয়জনকে আটক করা হয়েছে। এঁদের কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে। মুক্তিযুদ্ধের পর আটকে পড়া পাকিস্তানিদের যেসব ক্যাম্পে
আশ্রয় দেওয়া হয়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এর মধ্যে অন্যতম।