'মাদক ব্যবসায়ী'দের হামলায় দুই পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামে গত শনিবার রাতে ‘মাদক ব্যবসায়ী’দের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের আহত সদস্যরা হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গিয়াস উদ্দিন ও এএসআই নোমান সিদ্দিকী। গিয়াস উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নোমান সিদ্দিকী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এতে বড়ধুশিয়া গ্রামের ওসমান গণি (৩৫), আয়শা বেগম (৩৫) ও হেলেনা বেগমকে (৩০) গ্রেপ্তার দেখানো হয়েছে।

থানা-পুলিশ ও এজাহারের বিবরণ অনুযায়ী, শনিবার রাত ১১টার দিকে এএসআই গিয়াস উদ্দিন, নোমান সিদ্দিকীসহ পুলিশের পাঁচ সদস্যের একটি দল বড়ধুশিয়া গ্রামের মাদক ব্যবসায়ী মো. রিপনের বাড়িতে অভিযানে যায়। পুলিশ সেখানে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ কয়েকজনকে মাদক সেবনরত অবস্থায় পায়। পুলিশ মাদকদ্রব্য জব্দ করে রিপন ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে যায়। এ সময় রিপনের নেতৃত্বে ১০-১৫ জন দা, ছেনি, রামদা ও লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে গিয়াস উদ্দিনের মাথা ও শরীরের বিভিন্ন অংশ এবং নোমান সিদ্দিকীর হাত জখম হয়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের সদস্যদের একটি কক্ষে আটকে রেখে মাদকদ্রব্য সরিয়ে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আরও পুলিশ যায়।