'মাদকবাহী' গাড়ি ধাওয়া করে পুলিশের টহল ভ্যান খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় টহলরত একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশের এক কর্মকর্তাসহ পাঁচ সদস্য আহত হয়েছেন। পুলিশের দাবি, মঙ্গলবার দিবাগত রাতে মাদক ও অস্ত্র বহনকারী একটি গাড়িকে ধাওয়া করার পর ওই গাড়ি থেকে তাদের টহল ভ্যানে গুলি করায় সেটি খাদে পড়ে যায়।
কথিত মাদক ও অস্ত্র বহনকারী গাড়িটিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আহত পাঁচ পুলিশের দুজনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ পুলিশের গাড়িতে গুলি লাগার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে তদন্ত কমিটির প্রধান বলেছেন, গাড়িটিতে আদৌ গুলি লেগেছে কি না, সে বিষয়ে তিনি প্রাথমিকভাবে সন্দিহান।
আহত পুলিশ সদস্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার উপপরিদর্শক (এসআই) আওয়াল ভূঁইয়া (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের চার কনস্টেবল মিঠুন চন্দ্র নাথ (২৭), আরিফুল ইসলাম (৩২), শহীদুল ইসলাম ও পিকআপ ভ্যানটির চালক আবুল বাশার (২৩)। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও শহরের ঘাটুরা এলাকার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে আওয়াল ভূঁইয়া ও আবুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাত ১০টার দিকে খবর আসে যে সদর উপজেলার ঘাটুরা এলাকার কাজিবাড়ীর কয়েক ব্যক্তি সুহিলপুরের জনৈক স্বপন মিয়ার বাড়ি থেকে মাদকদ্রব্য কিনে প্রাইভেট কারে ব্রাহ্মণবাড়িয়া শহরে ফিরছেন। গাড়িটিতে অস্ত্রও রয়েছে। পুলিশের টহল দল পিকআপ ভ্যান নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর বাজার এলাকায় অবস্থান নেয়। প্রাইভেট কারটি সেখানে আসার পর থামতে সংকেত দেয় পুলিশ। কিন্তু গাড়িটি না থামলে পুলিশ পিছু নেয়। একপর্যায়ে প্রাইভেট কারে থাকা দুর্বৃত্তরা একটি গুলি ছোড়ে। গুলি পুলিশের ভ্যানটির সামনের কাচে লাগে। ভ্যানের চালক আবুল বাশার নিয়ন্ত্রণ হারালে গাড়ি পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
রাতেই সুহিলপুর থেকে ৪৮টি ইয়াবা বড়িসহ স্বপন মিয়া (৩৫) এবং ঘাটুরা থেকে মো. শাহীন (২৮) ও আমির হোসেনকে (২৫) আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্য নিয়ে গতকাল বুধবার ঘাটুরা গ্রামের কাজী নাহিদের বাড়ি থেকে গাড়িটি উদ্ধার করা হয় এবং মো. রায়হান (২২), কাজী হোসেন (২৫), কাজী মোশাররফ (৫৫) নামের আরও তিনজনকে আটক করা হয়। পুলিশ বলেছে, মো. রায়হান ও কাজী হোসেন ওই প্রাইভেট কারে ছিলেন বলে স্বীকার করেছেন। তবে গুলি করার কথা অস্বীকার করেছেন।
পুলিশের পাঁচ সদস্যকে উদ্ধার করা ঘাটুরা এলাকার বাসিন্দা কাইয়ুম মোল্লা ঘটনাটি তাঁর সামনেই ঘটেছে বলে দাবি করেছেন। তিনি বলেন, একটি গুলির শব্দ হওয়ার পরেই পুলিশের গাড়িটি খাদে পড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা এম এ মাসুদ প্রথম আলোকে বলেন, প্রাইভেট কারটি সংকেত দেওয়ার পরও না থামায় সেটিকে গুলি না করায় কর্তব্যে অবহেলার জন্য আওয়াল ভূঁইয়া ও আবুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানা সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখার জন্য সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গুলির ঘটনা আদৌ ঘটেছে কি না, সে বিষয়ে তিনি সন্দিহান। তদন্ত শেষে বিষয়টি বোঝা যাবে।