'মাদকাসক্ত' স্বামীর নির্যাতনে কলেজছাত্রী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে নেশার টাকা না পেয়ে এক কলেজছাত্রীকে তাঁর স্বামী নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
আহত মেয়েটি সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ছাত্রীর পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের প্রথম বর্ষের ছাত্র ও সদর উপজেলার জয়রা গ্রামের বুলবুল ইসলাম (২১) দীর্ঘদিন ধরে একই উপজেলার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে চার লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। কিন্তু কয়েক দিন পরই বুলবুল নেশাগ্রস্ত অবস্থায় মেয়েটিকে মারধর শুরু করেন। সম্প্রতি নেশার খরচ জোগাতে বাবার বাড়ি থেকে আরও টাকাপয়সা আনতে স্ত্রীকে চাপ দিতে থাকেন তিনি। কিন্তু এতে স্ত্রী রাজি না হলে তাঁর ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। দুই সপ্তাহ আগেও প্রচণ্ড মারধর করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সদর হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্রী জানান, প্রতিদিনই ইয়াবা সেবন করেন বুলবুল। এরপর বাড়িতে এসেই তাঁকে মারধর শুরু করেন। মঙ্গলবার বুলবুল তাঁর ওপর সুই-কাঁচি দিয়ে নির্যাতন চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ওই ছাত্রীর মাথা ও শরীরের বিভিন্ন
স্থানে সুই ও মারধরের আঘাত রয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও বুলবুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।