'মারজানের' তথ্য দিতে বলেছে ডিএমপি

পাঁচ জঙ্গি হেঁটে গিয়ে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় আক্রমণ চালায়। বিদেশি নাগরিকসহ একাধিক মানুষকে হত্যার ঘটনাস্থলের ছবি জঙ্গিরা পাঠাতে থাকে। এই ছবি সরাসরি চলে আসে বাইরে থাকা একাধিক ব্যক্তির কাছে। এদের একজনের নাম ‘মারজান’। মহানগর পুলিশের (ডিএমপি) নিউজ পোর্টালে তার ব্যাপারে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তদন্ত–সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার আরেক পরিকল্পনাকারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এই মারজান। তবে এটি তার সাংগঠনিক নাম। তিনি বাংলাদেশের নাগরিক।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের প্রধান (সিটি) মনিরুল ইসলাম বলেন, হামলাকারী পাঁচজন হেঁটে হলি আর্টিজান রেস্তোরাঁয় ঢোকে। যাওয়ার সময় আরেক পরিকল্পনাকারী জঙ্গিদের অনুপ্রেরণা জোগাচ্ছিল। পরে সে ঘটনাস্থল থেকে সরে যায়। তবে হলি আর্টিজানে হামলা ও হত্যার সব ছবি মারজানের আইডি থেকেই বাইরে পাঠানো হয়। জঙ্গি হামলার ঘটনা তদন্তে মারজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাঁকে ধরার চেষ্টা চলছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
ডিএমপি নিউজ পোর্টালে মারজান নামে এক যুবকের একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে ওই যুবককে। পরনে হালকা নীল টি-শার্ট। মারজান নামের ওই যুবকের মাথায় ঘন চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি ও গোঁফ রয়েছে। ডিএমপি নিউজ পোর্টালে মারজান সম্পর্কে আরও বলা হয়, ‘গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলাকালীন সন্ত্রাসীরা এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বলে ধারণা করা হচ্ছে। তার সাংগঠনিক নাম ‘মারজান’। তিনি ওই ঘটনার সন্দেহভাজন। তার পরিচয় সম্পর্কে জানা থাকলে “Hello CT” অ্যাপসের মাধ্যমে অবহিত করুন।’
আরও পড়ুন: