'মিথ্যা' মামলায় পালিয়ে বেড়াচ্ছেন দুই বনকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি বন বিটের দুই কর্মীকে ওয়ার্ড যুবলীগের কার্যালয় ভাঙচুর মামলার আসামি করা হয়েছে। মামলার পর থেকে তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন।

মামলার আসামি দুই বনকর্মীর দাবি, বনভূমি দখলের জন্যই পরিকল্পিতভাবে এ মিথ্যা মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, ৩ সেপ্টেম্বর হিমছড়ি বিট কর্মকর্তা মো. হান্নানুজ্জামান ও অফিস সহকারী মো. জমির উদ্দিনের বিরুদ্ধে রামু থানায় মামলা করেন উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফি।

মামলার এজাহারে বলা হয়, ২ সেপ্টেম্বর রাত একটার সময় জামায়াত-শিবির ও বিএনপির ১০ জন নেতা-কর্মী নিয়ে বিট কর্মকর্তা হান্নানুজ্জামান ও অফিস সহকারী জমির উদ্দিন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁরা প্রধানমন্ত্রী ও জাতির জনকের ছবি ভাঙচুর করেন। এ ছাড়া প্লাস্টিকের ৬৫টি চেয়ার লুট করা হয়।

মামলার পর থেকে বন বিভাগের দুই কর্মী গ্রেপ্তার-আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন।

বন বিট কর্মকর্তা হান্নানুজ্জামান বলেন, ‘মামলার বাদী মো. শফি প্রকৃতপক্ষে একজন ভূমিদস্যু। সরকারি মূল্যবান বনভূমি দখল করার জন্য তিনি (শফি) হিমছড়ি ঝরনার কাছে প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) রিজার্ভ ফরেস্ট এলাকায় ১ সেপ্টেম্বর রাতে একটি টিনের ঘর তৈরি করেন। ঘরটির তিন দিকে টিনের বেড়া দেওয়া হলেও ওপরে ছাউনি ছিল না। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ও বন রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদের নেতৃত্বে বন বিভাগ অবৈধ ঘরটি উচ্ছেদ করে। ওই ঘরে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ছিল না। এমনকি কোনো চেয়ার-টেবিলও ছিল না। মূলত জমি দখল করতে না পেরে শফি ওই মিথ্যা মামলা করেছেন।’

অফিস সহকারী মো. জমির উদ্দিন বলেন, মেরিন ড্রাইভ সড়কের পাশের ওই মূল্যবান বনভূমি দখলের জন্য আরও একবার ঘর তৈরির চেষ্টা চালিয়েছিলেন যুবলীগের নেতা শফি। কিন্তু বন বিভাগের বাধার কারণে তিনি সফল হতে পারেননি। এ ব্যাপারে ৮ আগস্ট রামু থানায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

মামলার আসামি বনকর্মীরা বলেন, মামলার পর থেকে তাঁরা আতঙ্কে সময় পার করছেন। ঠিকমতো অফিসে যেতে পারছেন না। এতে হিমছড়ি ঝরনাসহ পর্যটনপল্লির ইজারার বিপরীতে সরকারি রাজস্ব আদায়সহ বনাঞ্চল রক্ষণাবেক্ষণের কাজ ব্যাহত হচ্ছে। তাঁদের অনুপস্থিতির সুযোগে অনেকে হিমছড়ি জাতীয় উদ্যান ও বনাঞ্চল উজাড় করছে।সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁরা মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়েছেন।

পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক দীপক শর্মা বলেন, সৈকতের ইসিএ এলাকায় কোনো ধরনের অবকাঠামো নির্মাণের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আছে। তিনি বলেন, সেখানে জেলা যুবলীগের কার্যালয়ও নেই। অথচ ক্ষমতার অপব্যবহার করে অনেকে বনভূমি দখল করে ওয়ার্ড যুবলীগের কার্যালয় স্থাপন করছেন।

একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মামলার বাদী মো. শফির মুঠোফোন বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেলা যুবলীগের সভাপতি মো. খোরশেদ আলম বলেন, সমুদ্র উপকূলের বনভূমিতে যুবলীগের ওয়ার্ড কার্যালয় স্থাপনের প্রশ্নই আসে না। যুবলীগ কার্যালয় স্থাপনের জন্য কাউকে বলা হয়নি। তিনি বলেন, কী কারণে বন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সে ব্যাপারে অনুসন্ধান চলছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, তদন্তে ঘটনা মিথ্যা প্রমাণিত হলে দুই আসামিকে অব্যাহতি দেওয়া হবে।