'মিনারেল ওয়াটারের' পানির ট্যাংকে মৃত তেলাপোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ পানি বোতলজাত করে খনিজ পানি হিসেবে বিক্রি করছিল প্রিয়া ড্রিঙ্কিং ওয়াটার নামের চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। তাদের পানির ট্যাংকে দেখা যায় মৃত তেলাপোকা। এ ছাড়া পয়োনিষ্কাশন লাইনের সংযোগটিও ছিল এই ট্যাংকের কাছাকাছি। ওই লাইন ছিদ্র হয়ে পানি এসে মিশছিল ট্যাংকে। বিএসটিআইয়ের ছাড়পত্র না নিয়ে নিম্নমানের এই পানি বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার দুপুরে নগরের আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে প্রিয়া ড্রিঙ্কিং ওয়াটার নামের প্রতিষ্ঠানটিতে এ দৃশ্য দেখতে পান। পরে প্রতিষ্ঠানটির মালিক পাপড়ি রানি ধরকে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তাহমিলুর রহমান। তিনি বলেন, পানির ট্যাংকে ওয়াসা এবং গভীর নলকূপের পানি ছিল। সাধারণ ওই পানি বোতলজাত করে বিক্রি করা হচ্ছিল। পাশের পয়োনিষ্কাশন লাইন ছিদ্র হয়ে কিছু পানি ওই ট্যাংকে যাচ্ছিল। এ ছাড়া জার পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিন রাখার কথা থাকলেও সেগুলো সাধারণ গুঁড়ো পাউডার দিয়ে পরিষ্কার করা হয়। জীবাণুমুক্ত করার কোনো ব্যবস্থাও ছিল না। এ ছাড়া মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ ছিল না।
এদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি এবং বিক্রির অপরাধে চকবাজারের সাদিয়াস কিচেনকে পাঁচ হাজার টাকা ও সাইমুম রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন পৃথক ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবারের এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাব্বির রহমান ও আবদুস সামাদ শিকদার।