'মুই বাইচপার চাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোর স্বামী যেভাবে মোক মারছে, মুই বিচার চাও। মোক মারি ফেলবার চাইছিল। সুস্থ হয়া ফির গার্মেন্টেসোত চাকরি কইরবার যবার চাও। তোমারাগুলা মোক বাচান। মুই বাইচপার চাও।’
রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিছানায় বসে এভাবেই তাঁর আকুতির কথা জানান পোশাককর্মী সাজিনা বেগম (২২)।
এ সময় সাজিনা বলেন, তাঁর বাড়ি গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের পাইকান গ্রামে। এক বছর আগে তাঁর সঙ্গে একই গ্রামের রহিম বকসের ঢাকায় বিয়ে হয়। বিয়ের পর তিনি (সাজিনা) রংপুরে এসে জানতে পারেন, রহিমের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এ কারণে রহিম তাঁকে তাঁর (রহিম) বাড়িতে যেতে নিষেধ করেন। তিনি মায়ের সঙ্গে বসবাস করেন। সেখানেই রহিম এসে থাকেন। কিন্তু তাঁর কোনো ভরণপোষণ দেন না। রহিমের কাছে টাকা চাইলে তাঁকে মারধর করা হতো। মারধর সহ্য করতে না পেরে রহিমকে তিনি ৭ জানুয়ারি তালাক দেন। এতে রহিম ক্ষুব্ধ হন। এর জের ধরে ৮ জানুয়ারি বিকেলে তাঁকে বাড়ির পাশে একা পেয়ে দুই পায়ের গোড়ালির রগ কেটে দেন রহিম ও তাঁর সঙ্গীরা। এ ছাড়া তাঁরা ছুরি দিয়ে পা, হাত, বুক ও পেটে আঘাত করেন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন। আবারও অসুস্থ হয়ে পড়লে গত সোমবার তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট (সার্জারি) আনোয়ার হোসেন বলেন, সাজিনার ডান হাতের তালু ও ওপরের অংশ ও কবজিতে ২৪টি সেলাই করা হয়েছে। এ ছাড়া তাঁর ডান পায়ের গোড়ালিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা রয়েছে। গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ওই মারধরের ঘটনায় সাজিনা গত সোমবার রহিমের বিরুদ্ধে মামলা করেছেন। রহিম পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।