'মুক্তিপণ দিয়ে' মুক্ত হাতিয়ার ১৮ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণের দমারচর থেকে অপহৃত ১৮ জেলে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে জলদস্যুদের কাছ থেকে ছাড়া পেয়েছেন। গতকাল বুধবার সকালে তাঁরা হাতিয়া এসে পৌঁছান। হাতিয়া ট্রলার মালিক সমিতি এ কথা বলেছে।
হাতিয়া ট্রলার মালিক সমিতির সভাপতি মো. রাশেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, গত সোমবার রাতে ১৭ ট্রলারে ডাকাতির পাশাপাশি ১৮ জেলেকে অপহরণের পর জলদস্যু কাউয়্যা কামাল, সাইফুল ইসলাম ওরফে সাইফুল্যাহ ও আলাউদ্দিনের লোকেরা তাঁদের কক্সবাজারের মহেশখালীর দলঘাট এলাকায় নিয়ে যান। তিনি বলেন, মঙ্গলবার সকালে জলদস্যুরা অপহৃত জেলেদের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন। শেষে তিন লাখ টাকায় জেলেদের ছেড়ে দিতে রাজি হন জলদস্যুরা। দুপুরের পর দুই লাখ টাকা পাঠানো হয়। জেলেরা আবার মাছ ধরতে সাগরে নামার আগে বাকি এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর অপহৃত জেলেদের ছেড়ে দেওয়া হয়।
তবে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হুদার দাবি, বঙ্গোপসাগরের গ্যাসফিল্ড এলাকায় জেলেদের মারধর করে মাছ, জাল ও অন্যান্য মালামাল নিয়ে গেছেন জলদস্যুরা। জেলেদের অপহরণ করা হয়নি।
জলদস্যু আটক: অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে গতকাল সালাউদ্দিন (৩৫) নামের এক জলদস্যুকে হাতিয়ার নিঝুম দ্বীপের বন্দরটিলা এলাকা থেকে আটক করেছেন বোট মালিক সমিতির লোকজন। বেলা ১১টার দিকে তাঁকে আটকের পর পিটুনি দিয়ে হাতিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।