'মুক্তিপণ নিয়ে' অপহৃত তিনজনকে ছাড়ল দস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ধুমছাড়া এলাকা থেকে অপহৃত তিন ব্যক্তিকে গত বুধবার দিবাগত রাতে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
স্থানীয় সূত্রমতে, মুক্তিপণ দেওয়ার পর ওই তিনজনকে ছেড়ে দিয়েছে বনদস্যুরা। তবে পুলিশ বলছে, মুক্তিপণ নয়, চাপের মুখে বনদস্যুরা অপহৃত ব্যক্তিদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির রাশেদ এবং রামুর বাসিন্দা নিজাম উদ্দিন ও হাবিবুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ধুমছাড়া এলাকায় একটি বাস থামিয়ে ওই তিনজনকে অপহরণ করে বনদস্যুরা। প্রায় ৩০ ঘণ্টা পর বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে তাঁদের ঈদগড় ইউনিয়নের দুর্গম বৈদ্যপাড়ায় ছেড়ে দেওয়া হয়। এরপর বাইশারী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু মুছাসহ এলাকার জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা ওই তিনজনকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম।
তসলিম ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এলাকার কিছু লোক দস্যুদের চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহৃত তিনজনকে ছাড়িয়ে এনেছেন। দস্যুদের কথামতো চার লাখ টাকাভর্তি একটি কাপড়ের পুঁটলি গাছের নিচে রাখা হয়। এর তিন ঘণ্টা পর দস্যুরা অপহৃত তিনজনকে দুর্গম বৈদ্যপাড়ায় ছেড়ে দেয়। সেখান থেকে আমরা তাঁদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিই।’ তিনি বলেন, মুক্তিপণ আদায়ের জন্যই ওই তিনজনকে অপহরণ করা হয়েছিল। দস্যুদের বেদম মারধরে ছাত্রলীগের নেতা রাশেদ গুরুতর আহত হয়েছেন।
এসআই আবু মুছা বলেন, রাত সোয়া একটার দিকে অপহৃত তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। মুক্তিপণের বিষয়টি পুলিশ জানে না।
সহকারী পুলিশ সুপার (কক্সবাজার সদর সার্কেল-চকরিয়া) কাজী মতিউল ইসলাম প্রথম আলোকে বলেন, মুক্তিপণ নয়, চাপের মুখে বনদস্যুরা অপহৃত ব্যক্তিদের জঙ্গলে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এর আগে পুলিশ তাঁদের উদ্ধারে মহেশখালী, ভারুয়াখালী ও ঈদগড় পাহাড়ে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়েছে। উপায় না দেখে দস্যুরা অপহৃত ব্যক্তিদের ছেড়ে দেয়। তিনি বলেন, দস্যুদের ধরতে পাহাড়ে অভিযান চালাচ্ছে পুলিশ।