'মুক্তিপণে'র টাকা পাঠিয়েও হদিস মেলেনি ফারহানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এ এস এম ফারহান হোসেন (২৮) ৩২ দিন ধরে নিখোঁজ। তাঁর পরিবার সন্দেহভাজন অপহরণকারীদের দাবি মোতাবেক একটি মুঠোফোন নম্বরে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠিয়েও তাঁর কোনো হদিস পাচ্ছে না। থানায় মামলা হলেও, সেই বিকাশ নম্বর ও মুঠোফোন নম্বরগুলো শনাক্ত হয়নি এখনো।
রাজধানীর মহাখালীতে ‘ডিএনএস সফটওয়্যার’ নামে একটি প্রতিষ্ঠানের রিলেশনশিপ ম্যানেজার পদে কাজ করেন ফারহান। গত ১১ মে বিকেল পৌনে পাঁচটার দিকে ‘একটু নিচে যাচ্ছি’ বলে একটি ডায়েরি হাতে নিয়ে বের হন ফারহান। তখনো তাঁর কম্পিউটার, ড্রয়ার সব খোলা ছিল। এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ নেই। ওই দিনই ফারহানের পরিবার বনানী থানায় জিডি করে। বনানী থানার পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফারহানের মুঠোফোনের সর্বশেষ অবস্থান দেখতে পায় শাহ আলী থানাধীন চটবাড়ি এলাকায়। অনেক খুঁজে না পেয়ে ২৩ মে ফারহানের বাবা শাহাদাত হোসেন বাদী হয়ে বনানী থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
সেই মামলার অভিযোগে বলা হয়, নিখোঁজের পরে ১৪ মে সকালে ফারহানের বাবা শাহাদাত হোসেনের মুঠোফোনে একটি ফোন আসে। ফোনে শুধু জানতে চাওয়া হয় ‘আপনি ফারহানের বাবা কি না’। এরপরই লাইন কেটে দেওয়া হয়। এর দুই দিন পরে ১৬ মে দুপুরে একই নম্বর থেকে ফোন করে ফারহানের খাওয়া-দাওয়ার খরচ বাবদ ২৫ হাজার টাকা চাওয়া হয়। এর কিছুক্ষণ পরেই নিখোঁজ ফারহানের ব্যক্তিগত মুঠোফোন নম্বর থেকে তাঁর বাবার ফোনে কল আসে। অপর প্রান্তের লোকটিও বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা দাবি করেন। ফোনে বলা হয় ২৫ হাজার টাকা পাঠালে দুই ঘণ্টার মধ্যেই ফারহানকে ছেড়ে দেওয়া হবে। স্বজনেরা পাশের একটি দোকান থেকে তখনই ২০ হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু এরপর থেকে সবগুলো ফোনই বন্ধ পাচ্ছেন তাঁরা।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহীনুর রহমান বলেন, পুলিশ কাজ করছে তবে এখনো ফারহানের কোনো খোঁজ মেলেনি। ইতিমধ্যেই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়ার আদেশ এসেছে। তদন্তভার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন তদন্ত কর্মকর্তা।