'মুক্তিপণ' দিয়ে ছাড়া পেলেন লামার অপহৃত আওয়ামী লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছারকে ‘মুক্তিপণ’ নিয়ে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে পুলিশ বলছে, মুক্তিপণ দেওয়ার বিষয়টি তাদের জানা নেই। অপহরণের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে মুখোশধারী বেশ কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে নুরুল আবছারকে অপহরণ করে। তিনি লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। গতকাল শনিবার সকালে চকরিয়া থানা প্রাঙ্গণে নুরুল আবছার বলেন, অপহরণের পর তাঁকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফান্ডাছড়ি নামক এলাকায় নিয়ে যাওয়া সেখানে হয়। সেখানে তাঁকে বেঁধে নির্যাতন করে দুর্বৃত্তরা। পরে মুঠোফোনে তাঁর স্বজনের কাছে প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে শুক্রবার রাতে দুর্বৃত্তদের তিন লাখ টাকা দেওয়া হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকা থেকে গতকাল ভোরে দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের গিয়াস উদ্দিন (২৬), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের নুরুল ইসলাম (২৮) ও চট্টগ্রাম জেলার পটিয়ার মো. খোকন মিয়া (৩২)।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, নুরুল আবছার অপহরণের পর লামা ও চকরিয়া থানার পুলিশ যৌথভাবে খুটাখালীর জঙ্গলে অভিযান চালায়। শনিবার ভোরে অপহরণকারীরা মেদাকচ্ছপিয়া এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে দুটি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মুখোশ, ছোরা, হাফ প্যান্ট, কালো পোশাক ও রেইনকোট উদ্ধার করা হয়। তাঁদের সঙ্গে থাকা আরও ১০-১২ জন দুর্বৃত্ত পালিয়ে যায়। মুক্তিপণ দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।
নুরুল আবছার বলেন, তিন অপহরণকারীর গ্রেপ্তারের খবর শুনে তিনি লামা থেকে গতকাল চকরিয়া থানায় আসেন। গ্রেপ্তার
করা তিনজনকে তিনি চিনতে পেরেছেন। তাঁরা অপহরণে জড়িত। তাঁদের হাতেই তাঁর ছেলে মুক্তিপণের তিন লাখ তুলে দিয়েছে বলে জানান তিনি।