'মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন বলেছেন, যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে।

গতকাল সোমবার ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে কালো অধ্যায়ের সূচনা হয়। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি রাজাকার-আলবদর বাহিনীর নেতাদের গাড়িতে ওঠে বাংলাদেশের জাতীয় পতাকা।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মো. রুহুল আমিন বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা ১৯৭১ সালে দেশকে হানাদারমুক্ত ও স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন করেছেন। এখন দেশের সার্বিক উন্নয়নের জন্য ও মুক্তিযুদ্ধের ধারাকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করুন।’

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যা বাঙ্গালীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন।