'মূল পরিকল্পনাকারী' স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া বোমাংহাট এলাকার পুস্তক ব্যবসায়ী জিয়াউর রহমান ওরফে জিয়া হত্যার মূল পরিকল্পনাকারী অভিযোগে তাঁর স্ত্রী নাছিমা আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার পুরানগড় ইউনিয়নের ধলির গোপাঠ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাছিমা আক্তার জিয়া হত্যা মামলার বাদী ছিলেন।
পুলিশ জানায়, গত ১৯ জানুয়ারি রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে জিয়াউর রহমানকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাছিমা আক্তার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ এ হত্যার ঘটনায় হেলাল উদ্দিন, মো. লিটন ও আব্দুর রহমান ওরফে ডালিমকে গ্রেপ্তার করলে ঘটনার মূল রহস্য উন্মোচিত হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেন, নাছিমা আক্তারের পরিকল্পনা অনুযায়ী জিয়াউরকে তাঁরা হত্যা করেছেন।
সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে দেওয়া স্বীকারোক্তি ও তদন্তে নাছিমা আক্তারের পরিকল্পনায় হত্যার বিষয়টি পরিষ্কার হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।