'মেয়রকে সরাতেই নাম ঢোকানো হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি মহল ঈর্ষান্বিত হয়ে মেয়র আরিফুল হক চৌধুরীকে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় জড়িয়েছে। জনপ্রতিনিধি হিসেবে মেয়র যাতে আর দায়িত্ব পালন করতে না পারেন, সে জন্যই হঠাৎ করে তাঁর নাম মামলায় ঢোকানো হয়েছে।’
গতকাল মঙ্গলবার নগরের কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত এক সমাবেশে কাউন্সিলররা এসব কথা বলেছেন। কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়রের নাম বাদ দেওয়ার দাবিতে বিকেল থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন কাউন্সিলররা।
কর্মসূচিতে সিটি করপোরেশনের ৩৬ জন কাউন্সিলরের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কোনো ওয়ার্ড কাউন্সিলরকে এ সময় দেখা যায়নি।
প্যানেল মেয়র সালেহ আহমদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী, দিনার খান, সিকন্দর আলী, রেজওয়ান আহমদ, আবজাদ হোসেন, এ বি এম জিল্লুর রহমান, তৌফিক বক্স, ছয়ফুল আমিন, মোশতাক আহমদ, শান্তনু দত্ত, সালেহা কবির, আবদুল জলিল, নজরুল ইসলাম, আবদুল মুহিত, আবদুর রকিব, আমেনা বেগম, তাকবির ইসলাম, দিবা রানী দে প্রমুখ।
সভা শেষে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাদা কাগজে স্বাক্ষর করেন। কর্মসূচি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। সভায় জানানো হয়েছে, আজ থেকে কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে এ কর্মসূচি চালাবেন।
১৩ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার চতুর্থ দফার সম্পূরক অভিযোগপত্র দেয়। এতে বিএনপি নেতাসহ নয়জনকে নতুন করে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেটের মেয়রের নামও রয়েছে।