'যাঁরা অভিযোগ করেন তাঁরা হয়রানির শিকার হন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি ২০১৫ সালে দুদকের গণশুনানিতে ভূমি-সংক্রান্ত কয়েকটি অভিযোগ করেছিলাম। এর ফল হিসেবে আমাকে উপজেলা কৃষি খাসজমি বন্দোবস্ত যাচাই-বাছাই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। গণশুনানিতে যাঁরা অভিযোগ করেন তাঁরা হয়রানির শিকার হন। তাহলে মানুষ কেন অভিযোগ দিতে আসবে?’ গতকাল সোমবার সকালে কক্সবাজারের চকরিয়ায় গণশুনানিতে এ অভিযোগ করেন আবু
মোহাম্মদ বশিরুল আলম। তিনি চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার।
উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি—এই চারটি দপ্তরের সেবা নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), সচেতন নাগরিক কমিটি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে এই গণশুনানির আয়োজন করে। এর আগে ২০১৫ সালের ১৪ অক্টোবর এই চারটি দপ্তরের ওপর গণশুনানি হয়েছিল।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে গতকালের গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার নাসির উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন টিআইবির পরিচালক জসিম উদ্দিন ফেরদৌস। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল ইসলাম মজুমদার।
গণশুনানিতে স্থানীয় সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, তিনি ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন। এ কারণে ভূমি অফিসের কর্মকর্তারা তাঁর ভূমি বন্দোবস্তের একটা ফাইল গায়েব করে ফেলেন বলে তিনি অভিযোগ করেন।
অনুষ্ঠানের শুরুতে সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম, সাব-রেজিস্ট্রার এ এস এম শামছুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলতান আহমদ এবং পল্লী বিদ্যুতের উপমহাপরিচালক মো. আবদুস সামাদ নিজ নিজ দপ্তরের বক্তব্য তুলে ধরেন।
দুদকের কমিশনার নাসির উদ্দিন আহমদ বলেন, দুর্নীতিমুক্ত করতে পাইলট প্রকল্প হিসেবে যে তিনটি উপজেলা বেছে নেওয়া হয়েছে, এর মধ্যে চকরিয়া উপজেলা একটি। ২০১৭ সালের মধ্যে চকরিয়াকে দুর্নীতির সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গণশুনানিতে যেসব বিষয় উত্থাপিত হয়েছে, তা বাস্তবায়ন করবেন। এক মাসের মধ্যে এর ফলোআপ করবেন। তথ্য অধিকার আইনে যা বলা আছে, তা পালন করবেন। প্রতিটি অফিসে সেবার তালিকা টাঙাবেন। প্রতি সপ্তাহে গণশুনানি করবেন। যাঁরা করবেন না, তাঁদের আইনের আওতায় আনবেন। দুর্নীতিবাজ যেই হোক, ছাড় দেওয়া হবে না।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে টিআইবি-সনাকের ইয়েস দলের আয়োজনে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর উদ্বোধন করেন দুদক কমিশনার নাসির উদ্দিন আহমদ। এতে মোট ২৪টি কার্টুন প্রদর্শন করা হয়।