'যাচ্ছি' বলে আর ফিরলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় মেয়ে অর্পিতা চৌধুরীর সঙ্গে গতকাল শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার কথা ছিল অঞ্জলী দেবীর। তিনি চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষক। আর মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক।

চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী দেবীকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে কলেজের শিক্ষার্থীরা গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন। ছবিটি নগরের প্রবর্তক মোড় থেকে তোলা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী দেবীকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে কলেজের শিক্ষার্থীরা গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন। ছবিটি নগরের প্রবর্তক মোড় থেকে তোলা l ছবি: প্রথম আলো

তাড়া থাকায় সকাল আটটার দিকে মাকে রেখে একাই বাসা থেকে বের হন অর্পিতা। আধা ঘণ্টা পরে বের হন অঞ্জলী দেবী। বের হওয়ার সময় স্বামীকে প্রতিদিনের মতো বিদায় জানিয়ে বলেন, ‘যাচ্ছি’। এর ১৫-২০ মিনিট পরই বাড়ির দারোয়ান এসে স্বামী রাজেন্দ্র লাল চৌধুরীকে জানান, বাসার গলিতেই দুর্বৃত্তরা নির্মমভাবে কুপিয়েছেন অঞ্জলী দেবীকে।
বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গতকাল খুন হয়েছেন চট্টগ্রাম নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জলী দেবী (৫৭)। সকাল সাড়ে আটটার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন চকবাজার তেলাপট্টি মোড়
এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খুনের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। খুনের কারণ কী, সে বিষয়েও পরিবার বা পুলিশ কিছু জানাতে পারেনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসক ও অ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অঞ্জলী দেবীকে বাঁচানো যায়নি। মাথার আঘাতগুলো বেশ গভীর ছিল।
স্বামী রাজেন্দ্র লাল চৌধুরী পেশায় চিকিৎসক। স্বামী ও বড় মেয়েকে নিয়ে চকবাজার তেলিপট্টি মোড়ে ভাড়াবাড়িতে থাকতেন। ছোট মেয়ে সংগীতা চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী। অঞ্জলী দেবীর পৈতৃক বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধোপাভাঙা গ্রামে। স্বামীর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে।
ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে জানান, বাসা থেকে বের হয়ে ৩০-৩৫ গজ যাওয়ার পর গলির ভেতরেই অঞ্জলী দেবীকে চারজন যুবক ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। ওই সময় রাস্তা ফাঁকা ছিল। এ দৃশ্য দেখে স্থানীয় এক ব্যবসায়ী দূর থেকে চিৎকার ও পাথর ছোড়া শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর খবর জানান স্বজনদের।
খুনের ঘটনাটিকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে ওসি বলেন, দুর্বৃত্তরা অঞ্জলী দেবীর সঙ্গে থাকা ব্যাগ কিংবা মুঠোফোন কিছুই নিয়ে যায়নি। তাই এটি ছিনতাইয়ের ঘটনা নয়। হামলার ধরন দেখে বোঝা যাচ্ছে, আক্রোশবশত খুনের উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে। তদন্তের পর খুনের কারণ ও জড়িতদের বের করা সম্ভব হবে।
নিহত শিক্ষিকার স্বামী রাজেন্দ্র লাল চৌধুরী জানান, এ ঘটনায় তাঁরা কাউকে সন্দেহ করতে পারছেন না। কারও সঙ্গে শত্রুতা নেই তাঁদের। সম্পত্তি নিয়ে শত্রুতা বা কর্মস্থলেও কারও সঙ্গে বিরোধ নেই।
চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ মিনারা বেগম সাংবাদিকদের বলেন, শান্ত স্বভাবের জন্য অঞ্জলী দেবী সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। কারও সঙ্গে তাঁর বিরোধ ছিল বলেও শোনা যায়নি।
পুলিশ জানিয়েছে, লাশের সুরতহাল প্রতিবেদনে মাথার পেছন ও ঘাড়ে চারটি কোপের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর সন্ধ্যায় স্বামীর গ্রামের বাড়িতে অঞ্জলী দেবীর দাহ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অঞ্জলী দেবীর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় বিক্ষোভ করেছে চট্টগ্রাম নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাঁরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।