'যারা রাজনীতির নামে মানুষ হত্যা করছে তারাও মানবতাবিরোধী'
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, আজকে যারা রাজনীতির নামে মানুষ হত্যা করছে, তারাও যুদ্ধাপরাধীদের মতো মানবতাবিরোধী অপরাধী। এঁদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সোচ্চার হতে হবে।
ইমরান গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে সাংবাদিকদের এ কথা বলেন। হরতাল-অবরোধে সহিংসতায় আহত মানুষকে দেখতে গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা গতকাল সেখানে যান। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চ ‘রাজনীতির নামে দেশব্যাপী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধ ও কামারুজ্জামানের ফাঁসির দাবিতে’ গণ-অবস্থান করে। এরপর বিক্ষোভ মিছিল করে তাঁরা হাসপাতালে যান।
ইমরান বলেন, ‘আজকের এই মানবতাবিরোধী যারা রাজনীতির নামে সাধারণ মানুষের গায়ে আগুন দিচ্ছে, এদের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। তারা একদিকে মানুষ পুড়িয়ে মারছে, অন্যদিকে কূটনীতিকদের বাসায় বৈঠক করছে। তাদের আর সাধারণ মানুষের দরকার নেই। দরকার ওই বিদেশি প্রভুদের।’