'যারারে জীবনে দেখলামউ না, তারার লাগি অতোতা অই গেলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার পৌর শহরের বড়হাটে এই বাড়িতে ছিল জঙ্গি আস্তানা। এখানে চলে অভিযান ম্যাক্সিমাস। শেষ হয় গতকাল শনিবার। অভিযান শেষে ঘটনাস্থল ত্যাগ করে সোয়াট দল। বাড়িটির সামনে দাঁড়িয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
মৌলভীবাজার পৌর শহরের বড়হাটে এই বাড়িতে ছিল জঙ্গি আস্তানা। এখানে চলে অভিযান ম্যাক্সিমাস। শেষ হয় গতকাল শনিবার। অভিযান শেষে ঘটনাস্থল ত্যাগ করে সোয়াট দল। বাড়িটির সামনে দাঁড়িয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নিজ গ্রামের রাস্তাগুলোতে সড়কবাতি লাগিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন ‘লন্ডনি’ সাইফুর রহমান। এ কারণে গ্রামের কয়েকজন কিশোর-তরুণ নিয়মিতই সাইফুরের বাগানবাড়িতে যেতেন বাড়ির তত্ত্বাবধায়ক জুয়েলের সঙ্গে কথা বলতে। কিন্তু কেউ ঘুণাক্ষরেও জানতে পারেননি, এখানে কোনো ভাড়াটে রয়েছে। সেই ভাড়াটেদের পরিচয় যখন গ্রামবাসী জানতে পারল, তখন তারা জাতীয় খবর।
সাইফুর রহমানের সেই বাড়িতে জঙ্গিরা আস্তানা গেড়েছে সন্দেহে ৩৪ ঘণ্টা ঘিরে রাখার পর দুদিন ধরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বৃহস্পতিবার অভিযান শেষে পুলিশ জানায়, বাড়িটিতে সাতজন নিহত হয়েছে; যার মধ্যে চারজন শিশু, দুজন নারী ও একজন পুরুষ।
মৌলভীবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুরে লন্ডনি সাইফুর রহমানের বাগানবাড়িটি এখন জনশূন্য, রীতিমতো ভুতুড়ে। বাড়িটির সীমানাদেয়াল কাঁধসমান উঁচু। এর ওপর দিয়ে উঁকি দিলে ভেতরে বাড়ির দেয়ালে গুলির চিহ্ন চোখে পড়ে। জানালার কাচগুলো ভেঙে পড়ে আছে। এই বাড়ির ভেতরেই যে সাতজন মানুষ একযোগে বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিয়ে আত্মঘাতী হয়েছে, বাইরে থেকে দেখে তা বোঝার উপায় নেই। বাইরে বসে পাহারা দিচ্ছেন একদল পুলিশ সদস্য। মূল ফটক বন্ধ।
বন্ধ ফটক দিয়ে সিমেন্ট ঢালাই রাস্তা ধরে কিছুদূর এগোনোর পর ডানে মূল ভবন। ছাদ ঢালাই করা সামনের অংশ আর পেছনের টিনশেড নিয়ে ভবন। এর পাশে গাড়িঘরের পেছনে একটি ঘরে পরিবার নিয়ে থাকতেন তত্ত্বাবধায়ক জুয়েল। মূল ভবনের পেছনে আরেকটি ঘরে থাকতেন রিকশাচালক উজ্জ্বল।
বাগানবাড়িটির পাশেই গ্রামের মুদি দোকানদার খসরু মিয়ার বাড়ি। সওদাপাতি কেনার সুবাদে গ্রামের প্রায় সবাইকেই চেনেন খসরু। কিন্তু তিনিও এই পরিবারের বিষয়ে কিছুই জানেন না। তিনি বলছিলেন, ‘তিন মাস দরি (ধরে) আছিল। কিন্তু একবারের লাগিও (জন্যও) দেখছি না। যারারে জীবনে দেখলামউ (দেখলাম) না, তারার লাগি অতোতা (এত কিছু) অই গেলো!’
কিশোর যুব সূত্রধর জানায়, ওই বাড়ির পেছনের পুকুরপাড়ে তারা প্রায়ই যেত। গাছ থেকে ডাব পেড়ে খেত। শানবাঁধানো পুকুরপাড়ে স্থানীয় কিশোর-তরুণেরা বসে আড্ডা দিত। কিন্তু বাড়ির ভেতরে যে শিশুসহ এতগুলো মানুষ তিন মাস ধরে থাকছে, তা কোনো দিন টের পায়নি তারা। দিন পনেরো আগে বাড়ির তত্ত্বাবধায়ক জুয়েল তাদের জানান, বাড়িটিতে ভাড়াটে উঠেছে। ভাড়া কত জানতে চাইল জুয়েল তাদের জানান, সাত হাজার টাকা। গ্রামের ভেতরে সাত হাজার টাকা বাড়ি ভাড়া বাজারদরের চেয়ে অনেক বেশি বলে তাদের মনে হয়েছে।
গ্রামবাসী বলেন, ওই বাড়িতে তিনটি শোবার ঘর ছাড়াও ভেতরে বসার ও খাবার ঘর রয়েছে। ঘরগুলো এমনিতে বেশ বড়। তবু এ গ্রামে এ রকম একটি বাড়ির ভাড়া চার হাজার টাকার বেশি কেউ দিতে চাইবেন না। তার ওপর গ্যাসের সংযোগ নেই, সিলিন্ডার অথবা লাকড়ির চুলায় রান্না করতে হয়।
গ্রামের উদ্যমী তরুণ শুভ সূত্রধর। তিনি বললেন, সাইফুর রহমান সম্প্রতি তাঁদের গ্রামে ২৬টি সড়কবাতি বসানোর কাজে অর্থায়ন করেছেন। এ কাজের জন্য তত্ত্বাবধায়ক জুয়েলের মাধ্যমে টাকাপয়সা দিচ্ছিলেন সাইফুর। সে জন্য প্রায়ই জুয়েলের সঙ্গে দেখা করতে ওই বাড়িতে যেতেন তিনি। বাগানবাড়িটির মূল ভবনের দরজা সব সময় বন্ধ দেখেছেন। এখানে যে ভাড়াটে আছে, তা জুয়েল কখনো বলেননি। আর মানুষ থাকলে তাদের কাপড়চোপড়সহ অনেক কিছুই বাইরে থেকে চোখে পড়ে। এ ভবনে এমন কিছু তাঁদের কারও চোখে পড়েনি। অভিযান শুরুর পর তাঁরা জানতে পারলেন, এখানে শিশুসহ আটজন থাকতেন।
বাড়ির তত্ত্বাবধায়ক জুয়েল ও রিকশাচালক উজ্জ্বল জানিয়েছিলেন, ওই বাড়িতে দুজন পূর্ণবয়স্ক পুরুষসহ মোট আটজন বসবাস করতেন। তবে অভিযানের পর পুলিশ একজন পুরুষসহ সাতজনের লাশ পেয়েছে বলে জানিয়েছে।

নাসিরপুরের এই বাড়িতে সোয়াটের অভিযান শেষ হয় গত বৃহস্পতিবার। নিহত হয় সাতজন। এরপর থেকে বাড়িটি তালাবদ্ধ l প্রথম আলো
নাসিরপুরের এই বাড়িতে সোয়াটের অভিযান শেষ হয় গত বৃহস্পতিবার। নিহত হয় সাতজন। এরপর থেকে বাড়িটি তালাবদ্ধ l প্রথম আলো

আরেকজন কোথায় গেল জানতে চাইলে গতকাল পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি এখনো আমরা নিশ্চিত নই।’
গ্রামের লোকজন মনে করছেন, কেয়ারটেকার জুয়েল বা রিকশাচালক উজ্জ্বলের মাধ্যমে তাঁরা বাজার করতেন। যদিও জুয়েল গত বুধবার প্রথম আলোকে বলেছিলেন, ভাড়াটে পরিবারটির বাজার করে দেওয়া বা সাংসারিক কোনো কাজে তিনি কখনোই সাহায্য করতেন না। তাই তিনি তাঁদের পারিবারিক জীবন সম্পর্কে বেশি কিছু জানতেনও না। তবে বাড়িটিতে এতগুলো শিশুর মৃত্যু গ্রামবাসীকে বেদনাহত করেছে।
এ বিষয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গতকাল সংবাদ সম্মেলনে বলেন, এই শিশুরা অভিযানে নিহত হয়নি। ময়নাতদন্তকারী চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, শিশুদের মাঝখানে রেখে তিন পাশে তিনজন সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটায়। এতে শিশুদেরও মৃত্যু হয়। গতকাল দুপুরে বড়হাটে সোয়াটের ‘অপারেশন ম্যাক্সিমাস’ শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম আরও বলেন, যারা বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের পেট ও কোমরের অংশ নেই। তাদের মাংসে তার জড়িয়ে আছে।