'রডের বদলে বাঁশ' - সত্যতা পেল প্রশাসন
চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের ভবন নির্মাণে অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা পেয়েছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের কাছে পাঠানো এক প্রতিবেদনে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদুর রহমান প্রকাশিত খবর সত্য বলে উল্লেখ করেছেন।
গতকাল রোববার ইউএনও স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৭ এপ্রিল ‘দর্শনা উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের দোতলা ভবন নির্মাণে দুর্নীতি, রডের বদলে বাঁশের কাবারি দিয়ে ঢালাই’ শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই দিনই সকাল নয়টার দিকে তিনি (ইউএনও), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে নির্মাণাধীন ওই ভবনের লুপ ঢালাইয়ে রড না দিয়ে কাটা বাঁশ (কাবারি বা চটা) এবং খোয়ার পরিবর্তে পরিত্যক্ত সুরকিসহ নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে—এ বিষয়ের সত্যতা পাওয়া গেছে।
আজ সোমবার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় দর্শনা উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ও খোয়ার স্থলে সুরকি ব্যবহারের বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুর রাজ্জাককে আহ্বায়ক করে তিন সদস্যের আরও একটি তদন্ত দল গঠন করা হয়।
কমিটি গঠনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মোহাম্মদ আবদুর রাজ্জাক।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল হক পাটোয়ারীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ দুপুরে সরেজমিন পরিদর্শন করেছেন। তবে এই প্রতিনিধি দলের সদস্যরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।
প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তা ও কার্যালয় সূত্রে জানা গেছে, বিদেশ থেকে কৃষিজাত পণ্যের মান যাচাই ও বালাই পরীক্ষার জন্য ভবনটি নির্মাণের উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অধিদপ্তরের অধীন বাংলাদেশ ফাইটোসেনেটারি ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্পের আওতাধীন ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের (ইসিএল) তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনাল ২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কার্যালয় ও গবেষণাগার নির্মাণ করছে। গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া ভবনটির অধিকাংশ কাজই ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী জুন মাসে ভবনটি হস্তান্তর হওয়ার কথা রয়েছে। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভবন নির্মাণ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।
বিষয়টি নিয়ে ৯ এপ্রিল প্রথম আলোতে ‘দর্শনায় উদ্ভিদ সঙ্গনিরোধ ভবন নির্মাণ : রডের বদলে বাঁশ, খোয়ার স্থলে সুরকি’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
আরও পড়ুন: