'রাজন-রাকিব হত্যার বিচার হলো, আমাদের কী হবে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজন ও রাকিবের হত্যার বিচার হলো, আমাদের কী হবে? আমার ভাইকেও চুরির অপবাদ দিয়া পিটাইয়া মারা হইছে। অথচ পুলিশ আর কোনো তদন্তই করতেছে না। অনেক আসামি এলাকায় ঘুইরা বেড়াইতেছে। সব আসামি হুমকি দিতেছে। অথচ বলার পরও পুলিশ তাদের ধরতেছে না।’
কথাগুলো বলছিলেন রাজধানীর হাজারীবাগে পিটিয়ে হত্যার ঘটনার শিকার কিশোর রাজা মিয়ার (১৬) বোন রেশমা আক্তার। আজ দুপুরে হাজারীবাগের গণকটুলির বাসায় গেলে তিনি প্রথম আলোর কাছে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, আসামিরা প্রভাবশালী মহলের আশীর্বাদপুষ্ট হওয়ায় পুলিশ মামলা নিয়ে আর এগোচ্ছে না। ঘটনার পর কয়েক দিন গণমাধ্যম সরব থাকলেও এখন নীরব।
চলতি বছরের গত ১৭ আগস্ট চুরির অপবাদে হাজারীবাগের গণকটুলি এলাকায় রাজাকে পিটিয়ে হত্যা করা হয়। ওই সময় পরিবার অভিযোগ করে, হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়াসহ কয়েকজন রাজাকে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় আরজুসহ ১৩ জনের নাম উল্লেখ করে হাজারীবাগ থানায় হত্যা মামলা করেন রাজার বোন রেশমা। পুলিশ এজাহারভুক্ত আসামি সুজন, সাগর ও মনিরকে গ্রেপ্তার করে। ঘটনার দিন রাতে মামলার ১ নম্বর আসামি আরজুকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। পরদিন মঙ্গলবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ আরজু নিহত হন। পরে মামলাটি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।
মামলার বাদী রেশমা প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে তো শুধু আরজুই মারে নাই, আরও অনেকে মারছে। তাদেরও মামলার আসামি করছি। অথচ তিনজন ধইরা পুলিশ সব তদন্ত বন্ধ করে দিল। এর মধ্যে গ্রেপ্তার মনির জামিন নিয়া বাইর হইয়া গেছে। বাকিরাও জামিন নেওয়ার চেষ্টা করতাছে। মামলার আসামি বিশেষ করে এস কে বাবু এলাকায় প্রকাশ্যে ঘুইরা বেড়াইতেছে। আর এরা বিভিন্ন জনের মারফত হুমকি ধমকি দিতেছে। বলতেছে, মামলা তারা খাইয়া ফালাইব।’
রেশমা বলেন, ‘আমরা তিন বোন দুই ভাই। রাজা সবার ছোট। এখন হুমকি ধমকির কারণে একমাত্র ভাই নিয়ে আতঙ্কে আছি। ডিবির স্যাররে ফোন কইরা আতঙ্কের কথা বলছি। আসামিদের ধরতে বলছি। অথচ কোনো কিছুই করা হয় নাই। ’
আক্ষেপ করে রেশমা বলেন, ‘রাজন ও রাকিব হত্যার বিচারের জন্য মিডিয়া কাজ করছে, মানুষও প্রতিবাদ করছে। কিন্তু আমাদের জন্য কেউ নাই। টাকাও নাই, জোরও নাই। ভাই হত্যার বিচার মনে হয় আর পামু না।’
রাজার ফুপু রত্না বেগম ‘প্রথম আলো’র কাছে অভিযোগ করেন, ‘ঘটনার দিন মিডিয়ার সঙ্গে আমি কথা বলছি। এ কারণে আসামিরা আমার ওপর ক্ষুব্ধ। বিশেষ কইরা মামলার আসামি এস কে বাবু বিভিন্ন ধরনের হুমকি দিতেছে।’
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া একজনের জামিন হয়ে গেছে বলে শুনেছি। বাকি দুজন কারাগারে। অন্য আসামিরা পলাতক। তাদের ধরার চেষ্টা চালাচ্ছি।’
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মামলার পাঁচ নম্বর আসামি এস কে বাবু প্রথম আলোকে বলেন, তিনি এলাকায় আছেন। বাবু দাবি করেন, তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসাতে মামলার আসামি করা হয়েছে।
রাজার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বাবু বলেন, এখন তাঁর আর জামিনের প্রয়োজন নেই। কিছুদিনের মধ্যে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেবে।