'রাজনীতি হামাগরক পথত বসালো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ মাস আগে কিস্তিতে কেনা ট্রাকটি পুড়ে যাচ্ছে চোখের সামনে। ডুকরে কাঁদছেন রতন মিয়া। গতকাল দুপুরে বগুড়া শহরের বাইপাস সড়কের ঝোপগাড়ি এলাকায় ট্রাকটিতে আগুন দেয় অবরোধ-সমর্থকেরা l ছবি: সোয়েল রানা
পাঁচ মাস আগে কিস্তিতে কেনা ট্রাকটি পুড়ে যাচ্ছে চোখের সামনে। ডুকরে কাঁদছেন রতন মিয়া। গতকাল দুপুরে বগুড়া শহরের বাইপাস সড়কের ঝোপগাড়ি এলাকায় ট্রাকটিতে আগুন দেয় অবরোধ-সমর্থকেরা l ছবি: সোয়েল রানা

রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়া শহরতলির ঝোপগাড়ি। একটি চিনিবোঝাই ট্রাকে দাউ দাউ করে আগুন জ্বলছে। ট্রাকমালিক রতন মিয়া (৪৫) পাগলের মতো ছোটাছুটি করে কখনো বালু দিয়ে, কখনো খোয়া দিয়ে আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করছিলেন। আর্তনাদ করতে করতে আশপাশের লোকজনকে বলছিলেন, ‘আগুন নিভান ভাই। কিস্তিতে কেনা ট্রাক ভাই। কষ্টে কেনা ট্রাক ভাই। এই ট্রাক পুড়ে গেলে পথে বসতে হবে ভাই।’ কিন্তু চোখের সামনেই সব শেষ।
মাত্র পাঁচ মাস আগে কিস্তিতে কেনা নতুন ট্রাকটি গতকাল শনিবার এভাবে পুড়ে যেতে দেখে অসুস্থ হয়ে পড়েন রতন মিয়া। রতন বলেন, বগুড়া শহরের কাঁঠালতলায় বাবার মশারির ব্যবসা আছে। ছোট ভাই খোকন মিয়াকে নিয়ে ব্যাংকঋণের টাকায় কাহালুর দরগাহাট এলাকায় একটি অটো রাইসমিল দিয়েছেন। মিলের চাল পরিবহনের জন্যই ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে পাঁচ মাস আগে কিস্তিতে একটি নতুন ট্রাক কেনেন। ২৩ লাখ টাকার মধ্যে আড়াই লাখ টাকা নগদ দিয়েছেন। ঋণের সাত লাখ টাকায় বডি তৈরি করেছেন। সব মিলিয়ে ৩০ লাখ টাকা খরচ পড়েছে। এখন মাস গেলেই ৪৭ হাজার টাকা কিস্তি।
কয়েক মাস ধরে ব্যবসায় মন্দা থাকার কারণে তিন মাস ধরে কিস্তি বাকি পড়ে আছে তাঁর। এর মধ্যে চলছে টানা অবরোধ-হরতাল। ট্রাকের চাকা না ঘুরলে ভাত জোটে না। কর্মচারীদের অনুরোধে তাই ট্রাক পথে নামিয়েছিলেন। তিনি বলেন, ‘৩০ লাখ টাকার ট্রাক গেল। ব্যবসায়ীর ৩২০ বস্তা চিনি পুড়ে ছাই হলো। দ্যাশের রাজনীতি হামাগরক পথত বসালো।’
ট্রাকটির চালক কাহালুর বিবিরপুকুর গ্রামের আবদুল আলিম বলেন, গত বৃহস্পতিবার সান্তাহার থেকে ট্রাকে চাল তুলে ঢাকার শ্যামবাজারে যান তিনি। এরপর শুক্রবার নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার মেঘনা রিফাইন সুগার মিল থেকে ৩২০ বস্তা চিনি তুলে রাত ১০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের উদ্দেশে রওনা দেন। শনিবার সকালে বগুড়ার চারমাথায় পৌঁছার পর খবর পান মহাসড়কের মাটিডালি এলাকায় অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ চলছে। এরপর তিনি ট্রাকের মালিক রতন মিয়াকে বিষয়টি জানান। সংঘর্ষের খবর পেয়ে মাটিডালিতে ছুটে যান রতন। দুপুরে পরিস্থিতি শান্ত হলে মুঠোফোনে গাড়ি ছাড়তে বলেন তিনি।
সাতটি ট্রাকের বহরের সঙ্গে মাটিডালি মোড়ের দিকে ট্রাক চালাচ্ছিলেন তিনি। ঝোপগাড়ি এলাকায় আসার পর পাশের সরু রাস্তা থেকে লাঠি হাতে ৩০-৪০ জন হামলা করে। দু-তিনটি ট্রাক ভাঙচুর করার পর তাঁর ট্রাকেও হামলা চালায়। এরপর তাঁকে মারধরও করে। একটু পরে চোখের সামনেই পাউডার জাতীয় পদার্থ ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এরপর তাঁকে ও তাঁর সহকারীকে আগুনে ফেলে দিতে চাইলে ভয়ে দৌড় মারেন তাঁরা। একটু পর গাড়ি থেকে নামলেন কেন—এই অপরাধে পুলিশ উল্টো মারধর করে বলে অভিযোগ করেন তিনি।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হোসেন বলেন, চিনিবোঝাই ট্রাকটিতে আগুন দেওয়াটা একটা বিচ্ছিন্ন ঘটনা। মাঝ রাস্তায় ট্রাক না থামালে দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিতে পারত না। এ জন্য পুলিশ ওই ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করে থাকতে পারে, মারধর করার অভিযোগ সঠিক নয়।