রাজনীতিমুক্ত হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শনিবার ছাত্রলীগ মিছিল-সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাইমুল ইসলাম হত্যা মামলার প্রধান দুই আসামির বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মকাণ্ড চালানোর অনুমতি ও উপাচার্যের পদত্যাগসহ কয়েকটি দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবুল হোসেনের সভাপতিত্বে প্রশাসনের বৈঠক থেকে কোষাধ্যক্ষকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘স্টুডেন্ট কোড অব কন্ডাক্ট’ অনুযায়ী ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক মিছিল-সমাবেশ নিষিদ্ধ। নিয়ম ভেঙে কয়েকজন ছাত্র রাজনৈতিক মিছিল-সমাবেশ করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি সঞ্জয় ব্যানার্জী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ১০০-১৫০ জন ছাত্র ক্যাম্পাসে মিছিল বের করেন। এ সময় তাঁরা সাধারণ ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে পাঠদানকক্ষ থেকে বের করে আনেন। পরে মিছিলটি ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
গত বছরের মে মাসে সুব্রত বিশ্বাসকে সভাপতি ও এস এম শামিম হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ১৪ জুলাই সন্ত্রাসীদের হাতে পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্র নাইমুল ইসলাম খুন হন।
নাইমুল ইসলাম খুনের ঘটনায় জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করে। নাইমুল ইসলামের মামা বাদী হয়ে যে হত্যা মামলা করেন, তাতে ওই দুই নেতা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ ছয়জনকে আসামি করা হয়।
গত বছরের ১৮ নভেম্বর ক্যাম্পাসে গেলে নিহত নাইমুল ইসলামের সহপাঠীরা সুব্রতকে ধরে পুলিশে দেন। আর শামীম চলতি বছরের ৯ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত মঙ্গলবার দুজন জামিনে মুক্তি পেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা কারাফটকে তাঁদের ফুল দিয়ে বরণ করেন। ওই দুই নেতা কারামুক্ত হওয়ার পর ফের অশান্ত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।