'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটক ২ ছাত্র জেএমবি সদস্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল থেকে রোববার গভীর রাতে আটক করা দুই শিক্ষার্থী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ।

ওই দুই শিক্ষার্থী হলেন ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল গাফফার ও মাহবুবুল আলম। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁদের আটক করা হলেও সোমবার বিকেল চারটা পর্যন্ত আটকের বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। সন্ধ্যার একটু আগে পুলিশ তাঁদের আটকের কথা স্বীকার করে।
বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের কয়েকজন শিক্ষার্থী জানান, গত রোববার দিবাগত রাত দুইটার পরে হলে পুলিশের একটি দল প্রবেশ করে কয়েকটি কক্ষের সামনে হাঁটাহাঁটি করেন। এরপর হলের ২৩৬ ও ৪৪২ নম্বর কক্ষ থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়।
এর আগে ১৫ মে ক্রপ সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী রহমতুল্লাহকে আটক করলেও প্রথমে পুলিশ তা অস্বীকার করেছিল। কিন্তু পরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয় বলে সাংবাদিকদের জানানো হয়।
১৫ মে গাইবান্ধা থেকে মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ (২৩) নামের এক জেএমবি সদস্যকে আটক করা হয়। পরের দিন বিকেলে রাজশাহী মহানগর হাকিম আদালতের (২) বিচারক খালিদ হাসানের কাছে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে তিনি শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
রোববার রাতে আটক দুই ছাত্রকেও পুলিশ জেএমবি সদস্য বলে দাবি করছে। এই দুজন শিক্ষক রেজাউল করিম হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে কি না, জানতে চাইলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম প্রথম আলোকে বলেন, তাঁরা যেহেতু জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন, সে জন্য জেএমবি হিসেবেই তাঁদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। শিক্ষক হত্যার ব্যাপারে এখনো তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়নি।