'রানা প্লাজা'র রানার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ার মামলায় সাভারের ধসে পড়া রানা প্লাজার কর্ণধার সোহেল রানার বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার কমিশন অভিযোগপত্র অনুমোদন দেয় বলে জানিয়েছেন সংস্থার উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
গত বছরের ২০ মে রাজধানীর রমনা থানায় রানার বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। তিনিই মামলার তদন্ত করেন।
দুদক সূত্র জানায়, গত বছরের ২ এপ্রিল কাশিমপুর কারাগারে আটক সোহেল রানার কাছে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণীর নোটিশ পাঠায় দুদক। আইন অনুযায়ী, নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে আইনজীবীর মাধ্যমে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দুদকে জমা দিতে হয়। অবশ্য এ সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে আরও সাত কার্যদিবস সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ আইনে রয়েছে।
সূত্র জানায়, নোটিশ পাওয়ার নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দিয়ে স্ত্রীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন সোহেল রানা। আইন অনুসারে তাঁর এ আবেদন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মামলা করার সুপারিশ করে দুদকের আইন শাখা। তারই ধারাবাহিকতায় রানার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।
দুদক সূত্র আরও জানায়, সোহেল রানার বেশির ভাগ সম্পদ তাঁর বাবা ও মায়ের নামে। অনুসন্ধান শেষে প্রায় ১৭ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১২ এপ্রিল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা বেগমের বিরুদ্ধে দুটি আলাদা মামলা করেছে দুদক। তাঁদের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে সাভার বাসস্ট্যান্ডে ধসে যাওয়া ভবনের ৫০ শতাংশ জমি, সাভার বাজার রোডে আটতলা বাণিজ্যিক ভবন, বাজার রোডের বি-৬৯/১ ঠিকানায় পাঁচতলা আবাসিক ভবন, রানা প্লাজার পেছনে সুমি টাওয়ার নামে ছয়তলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে জয়মণ্ডপ এলাকায় দোতলা বাড়ি, রানা ব্রিকস ও এমএকে ব্রিকস নামের দুটি প্রতিষ্ঠান এবং রানা অয়েল মিল। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, এক্সিম ব্যাংকের সাভার বাজার শাখায় ৩৫ লাখ টাকার এফডিআর, ন্যাশনাল ব্যাংকের সাভার শাখায় তিনটি হিসাব এবং ব্র্যাক ব্যাংক সাভার বাসস্ট্যান্ড শাখায় দুটি হিসাবে থাকা অর্থ। রানা প্লাজার ছয়তলা ভবনটি নকশা–বহির্ভূতভাবে ১০ তলা পর্যন্ত নির্মাণে রানার প্রত্যক্ষ ভূমিকা ছিল। রানার বাবা আবদুল খালেক ভবনের মালিক হলেও ভবনটির পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করতেন রানা। তাঁর নামেই ছিল ভবনটি।
নির্মাণ ত্রুটির কারণে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় ভয়াবহ ধসের ঘটনা ঘটে। এতে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
রানা প্লাজা ধসের ঘটনায় সাভার থানায় অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ বছরের ১৮ জুলাই ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানের আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে ওই মামলার বিচার শুরু হয়।