'রিকশার চেইনে ওড়না পেঁচিয়ে' গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় এলাকায় আজ রোববার সুমাইয়া আক্তার (১৬) নামের এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই বাসার গৃহকর্ত্রীর দাবি, রিকশার চেইনের সঙ্গে ওড়না পেঁচিয়ে সুমাইয়ার গলায় ফাঁস লাগে। এতে তার মৃত্যু হয়েছে।

গৃহকর্ত্রী রুনা আক্তারের দাবি, আজ দুপুরে বাসার পাশের একটি স্কুল থেকে তাঁর মেয়েকে নিয়ে রিকশায় করে সুমাইয়া ফিরছিল। পথিমধ্যে রিকশার চেইনের সঙ্গে সুমাইয়ার ওড়না পেঁচিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে রিকশাওয়ালা সুমাইয়াকে তাঁর বাসার দরজার সামনে ফেলে রেখে পালিয়ে যান।

রুনা আক্তারের ভাষ্য, বাসায় আনার পর সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল-১ এর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, সুমাইয়ার লাশ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুর কারণটি সন্দেহজনক হওয়ায় লাশের ময়নাতদন্ত করা হবে।