টিলা শ্রেণির ভূমিতে ‘লন্ডনি বাড়ি’ করা হবে। এ জন্য পরিবেশ অধিদপ্তরে একটি আবেদন করা হয়। তাতে ‘টিলা কর্তন ব্যতীত’ মাটি কাটার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এ নির্দেশনাকে টিলা কাটার অনুমতি হিসেবে প্রচার করে প্রকাশ্যে টিলা কাটা হচ্ছিল। এক সপ্তাহ ধরে প্রায় ১২৯ শতক টিলা ভূমির পুরোটা সমান্তরাল করে ফেলা হয় এক্সকাভেটর যন্ত্র দিয়ে। সিলেট নগরের আখালিয়ার সোনালি আবাসিক এলাকার যুগীপাড়ার টিলার একাংশ এভাবেই কাটছেন ‘লন্ডনি’ হুমায়ূন কবির চৌধুরী।
গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে টিলা। সকাল থেকে দুপুর পর্যন্ত তত্ত্বাবধায়ক টিলা কাটার কাজ করাচ্ছিলেন। বেলা একটার দিকে জায়গার মালিক হুমায়ূন কবির চৌধুরীও হাজির হন।
টিলা কাটার ‘অনুমতি আছে’ জানিয়ে তিনি পরিবেশ অধিদপ্তরের আবেদনপত্রটিও দেখান। কিন্তু তাতে টিলা কাটার অনুমতি নেই বলে জানালে তিনি বলেন, এটি আসলে টিলা এলাকা নয়। এ জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন পড়েনি। হুমায়ূন বলেন, ‘বাড়ি করার জন্য টিলার পাদদেশের ১২৯ শতক জায়গার মাটি কাটছি।’ টিলা শ্রেণির ভূমি অবিকৃত আছে বলে তিনি দাবি করেন। তাহলে টিলা কাটার অনুমতির জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন কেন করেছিলেন, এ প্রশ্নের জবাবে তিনি কিছু বলতে রাজি হননি।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত টিলা কাটা চলছিল। বিকেলে খবর পেয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসনের একটি দল টিলা এলাকা পরিদর্শন করে। এ সময় পরিবেশ অধিদপ্তর ও মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশের একটি দল টিলা কাটায় ব্যবহৃত এক্সকাভেটর, দুটো ট্রাক জব্দ করে। আটক করা হয় লন্ডনি হুমায়ূনকেও।
বিকেলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার ফারাবীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত টিলা কাটার দায়ে ৫ লাখ টাকার অর্থদণ্ড দেন হুমায়ূন কবির চৌধুরীকে। পাশাপাশি আর টিলা কাটা হবে না বলে মুচলেকা আদায় করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু শাফায়াৎ শাহেদুল ইসলাম টিলা এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘যা দেখলাম, এককথায় বলতে গেলে ভয়াবহ রকমের পরিবেশের ধ্বংসলীলা চালানো হয়েছে। টিলা কাটলে শাস্তির দৃষ্টান্ত স্থাপন করতেই এ দণ্ড দেওয়া হয়েছে।’
আখালিয়ার যুগীপাড়ার ওই টিলা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-লাগোয়া একটি মহল্লা। বিশ্ববিদ্যালয় এলাকায় যেসব টিলার অবস্থান, সেসবের কয়েকটি পড়েছে ওই এলাকায়। যুগীপাড়ায় অবস্থিত তিনটি ব্যক্তিমালিকানাধীন টিলা এলাকার নামে পরিচিত। স্থানীয় কয়েকজন জানান, যুগীপাড়া এলাকায় ‘সুরমা ডেইরি ফার্ম’ নামে বিদেশি গরুর খামার ছিল। খামার ও আশপাশে মোট ১২ একর জায়গা রয়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশজুড়ে টিলা। বর্তমানে খামারটি গুটিয়ে মালিকেরা তাঁদের জায়গা ভাগ-বাঁটোয়ারা করে নেন। হুমায়ূনের অংশে পড়া ১২৯ শতক জায়গায় বাড়ি করতে কাটা হচ্ছিল টিলা।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (১৯৯৫, সংশোধিত ২০১০, ধারা-৬-এর খ) অনুযায়ী সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন কাজে পাহাড়-টিলা কর্তন বা অন্য কোনো উপায়ে ভূমিরূপ পরিবর্তন করা যাবে না। তবে ঝুঁকিপূর্ণ টিলা-পাহাড়ের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে ঝুঁকি হ্রাস করতে ড্রেসিং করা যাবে।
টিলার মালিক হুমায়ূনের করা আবেদন সম্পর্কে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ছালাহ উদ্দীন চৌধুরী বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ওই এলাকায় বাড়ি করতে টিলা কাটার অনুমতির জন্য একটি আবেদন করা হয়েছিল। তাতে টিলা কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। পরে আরেকটি আবেদন করা হয়। তাতে ভূমির প্রকৃতি টিলা শ্রেণির নয়, এ রকম কিছু দলিলপত্র উপস্থাপন করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল, টিলা কর্তন ব্যতীত মাটি কাটা যাবে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক বলেন, ‘এটা প্রতারণামূলক কাজ। আমাদের নির্দেশনাকে আড়াল করে ভুল তথ্য প্রচার করে টিলা কাটা হচ্ছিল। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে গতকালই তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।’