'লাফিয়ে পড়া' ব্যক্তিই নব্য জেএমবির আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকার একটি বাড়িতে ৮ অক্টোবর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের অভিযান চলাকালে গুরুতর আহত হন আবদুর রহমান নামের এক জঙ্গি নেতা। পাঁচতলা ওই ভবন থেকে ‘লাফিয়ে পড়ে’ যাওয়ার পর তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান বলে জানায় র‍্যাব।

এ ঘটনার দুই সপ্তাহ পর র‍্যাবের দাবি অনুযায়ী, আবদুর রহমানই নব্য জেএমবির আমির ছিলেন, যিনি শায়খ আবু ইব্রাহিম আল হানিফ বলে পরিচিত ছিলেন। তবে তাঁর প্রকৃত নাম সারোয়ার জাহান।
আজ শুক্রবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের তথ্যকেন্দ্রে এই ব্রিফিংয়ে এ-সংক্রান্ত নব্য জেএমবির সাংগঠনিক ঘোষণাপত্র দেখিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, ঘোষণাপত্রটিতে নব্য জেএমবির আবু ইব্রাহিম আল হানিফের সঙ্গে শেখ আবু দোজানা নামে আরেকজনের সই আছে। এই আবু দোজানাই হলেন জঙ্গি তামিম চৌধুরী, যিনি নারায়ণগঞ্জে জেএমবির আরেক আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মারা যান।

ব্রিফিংয়ে জানানো হয়, আবদুর রহমানের বাসা থেকে প্রায় ৩০ লাখ টাকা, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, মুঠোফোন, জিহাদি বই, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টসহ নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আবদুর রহমানের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও কর্মস্থলের পরিচয়পত্র যাচাই করে তাঁর চেহারার কাউকে পাওয়া যায়নি। তবে তাঁর মা-বাবার সন্ধান পায় র‍্যাব। পরবর্তী সময়ে ছবি দেখে আবদুর রহমানকে শনাক্ত করেন তাঁরা। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, আবদুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলার মুশরিভুজা গ্রামে। তাঁর বাবার নাম আবদুল মান্নান, মায়ের নাম ছালেহা খাতুন। 

কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস আবদুর রহমান বাংলা ছাড়াও ইংরেজি, আরবি ও উর্দু ভাষায় পারদর্শী। তিনি প্রায় ১৮ বছর আগে ১৯৯৮ সালে জেএমবির কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ২০০৩ সালে জেএমবির নেতা বাংলা ভাইয়ের নেতৃত্বে জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের ওপর হামলার ঘটনায় তিনি অংশ নেন। ওই মামলার ১৪ নম্বর আসামি ছিলেন আবদুর রহমান। এই মামলায় নয় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। দেড় মাস গ্রামের বাড়িতে থাকার পর আবারও আত্মগোপনে চলে যান এই জেএমবি নেতা। ব্যক্তিগত জীবন দুটি বিয়ে করেছেন আবদুর রহমান। প্রথম স্ত্রীর সংসারে দুটি সন্তান ও দ্বিতীয় স্ত্রীর একটি সন্তান রয়েছে বলে জানান র‍্যাবের মহাপরিচালক।

আবদুর রহমানের একাধিক চিঠি, ই-মেইল ও এসএমএস পরীক্ষা করা হয়েছে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, নয়টি চিঠি গ্রহণ ও ১০টি চিঠি বিতরণ করেছেন তিনি। এসব চিঠিতে এই নব্য জেএমবি নেতা আবু ইব্রাহিম আল হানিফ নামে স্বাক্ষর করেছেন। নব্য জেএমবির নিহত সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তার কাজও করতেন আবদুর রহমান।
আবদুর রহমান নব্য জেএমবির আর্থিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন হামলার পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো, অস্ত্র ও সামর্থ্য নিয়ে প্রতিবেদন তৈরি করতেন। তাঁর নির্দেশে নব্য জেএমবির সদস্যরা ঢাকার গুলশানে ইতালির নাগরিক সিজার তাবেলাকে হত্যা, রংপুরে জাপানি নাগরিক কোনিও হোসিকে, রাজধানীর গাবতলীতে দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক ইব্রাহিম মোল্লাকে হত্যা, দিনাজপুর শহরে খ্রিষ্টান ধর্মযাজক ইতালির নাগরিক পিয়েরো পারোলারি সামিওকে হত্যা করে।

গত বছর পুরান ঢাকার হোসনি দালানে আশুরার তাজিয়া মিছিলে বোমা হামলা, নন্দনপার্কে শিল্প পুলিশ সদস্য মুকুল হোসেন হত্যা, বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলা, চট্টগ্রামে নৌবাহিনীর ইশা খাঁ নৌঘাঁটিতে বোমা বিস্ফোরণ, এ বছর পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রীশ্রী সন্ত গৌরীয় মঠে পুরোহিত যঞ্জেশ্বর দাসাধিকারীকে হত্যা, ২৫ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী দেবেশচন্দ্র প্রামাণিক হত্যা, ৫ জুন নাটোরের বনপাড়ায় খ্রিষ্টানপল্লিতে সুনীল গোমেজ হত্যা, ৭ জুন ঝিনাইদহের মহিষডাঙ্গা গ্রামে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যা, পাবনার হেমায়েতপুরে খ্রিষ্টান ধর্মযাজক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যা, ১৫ জুন মাদারীপুরে কলেজশিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলা, ১ জুলাই ঝিনাইদহে সেবায়েত শ্যামানন্দ দাস হত্যা, একই দিন গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা ও হত্যা, ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠে হামলার ঘটনা আবদুর রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় ঘটেছে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।

অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নব্য জেএমবির আবদুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী নাফিস আহমেদ নয়ন ও হাসিবুল হাসানকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে র‍্যাব। এঁদের কাছ থেকে ২৭ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।