লিচু পাকার মৌসুমে কৃষি বিভাগের উচিত বাগানে কীটনাশক প্রয়োগ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা। পাশাপাশি কীটনাশক প্রয়োগের পর বাগানে শিশুদের চলাচল নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচারণা দরকার। এমনটাই মনে করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান এস এম ওয়ারেসের।
২৯ মে থেকে ২০ জুন সময়ে ১২টি শিশু বাগানে কুড়িয়ে পাওয়া লিচু খেয়ে অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেলেই ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ১১টি শিশুই মারা যায়।
১১ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোর প্রতিবেদক চিকিৎসক এস এম ওয়ারেসের সঙ্গে কথা বলেন। তিনি এ সময় বলেন, কীটনাশক প্রয়োগের পর কমপক্ষে তিন দিন গাছ থেকে লিচু তোলা বন্ধ রাখা উচিত। এ সময়ের মধ্যে গাছ থেকে পড়া লিচুও খাওয়া উচিত নয়। দুঃখজনক যে বাগানের লিচু কুড়িয়ে খেয়ে প্রতি বছর শিশুমৃত্যুর ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
এস এম ওয়ারেস বলেন, মৃত্যু হওয়া প্রতিটি শিশুর অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাণ হারানো শিশুদের সবারই বাড়ি লিচুবাগান-সংলগ্ন এলাকায়। এদের অভিভাবকদের কেউ কেউ নিজেই লিচু ব্যবসায় যুক্ত আছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মে থেকে ১৮ জুন পর্যন্ত ‘অজ্ঞাত রোগে’ অসুস্থ হয়ে মোট ১২টি শিশু ওই হাসপাতালে ভর্তি হয়েছিল। এদের মধ্যে কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর গ্রামের একটি শিশুকে তার বাবা খাইরুল ইসলাম কর্তৃপক্ষকে না জানিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বাকি ১১ জন শিশুই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এমন বিষ দিছে!: মঙ্গলবার সকালে এ প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে যান। এ সময় মারা যাওয়া শিশু স্বপন আলীর মা ও রবি চানের স্ত্রী সাবিনা খাতুন (২৬) বলেন, বাগানের মালিকেরা লিচু গাছে এমন বিষ দিয়েছিলেন যে গন্ধ সহ্য করা যাচ্ছিল না। পরদিন অন্য শিশুদের সঙ্গে তাঁর ছেলে স্বপনও বাগানে যায় লিচু কুড়াতে। সাবিনা খাতুন বলেন, ‘রাইতত খাইদাই ঘুমাইছে। কিন্তু কিছুক্ষণ পরয়াল খালি বিছানাত গড়াগড়ি খাছে। খিঁচুনি আর জ্বর। সকাল আটটার সমে জ্ঞান হারাইছে। বীরগঞ্জ হাসপাতালত ডাক্তার ভালো করি দেখি সঙ্গে সঙ্গে দিনাজপুর পাঠাইছে। ডাক্তাররা অক্সিজেন স্যালাইন লাগাইছে। কিন্তু ওই রাইতত মোর জাদু মারা গেইছে।’
এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. গোলাম মোস্তফা পুরো ঘটনাকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে দাবি করেন, জেলায় লিচু খেয়ে কোনো শিশু মারা যায়নি।
শিশুদের মৃত্যুর ঘটনার খবর মঙ্গলবার প্রথম আলোতে প্রকাশের পর দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, ঘটনা তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে তিনি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন।