'লেবু' চিপে ১০ হাজার টাকা!
পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গ্রেপ্তারের ভয় দেখিয়ে এমরান আলী ওরফে লেবু নামের এক নির্দোষ ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। আজ সোমবার এমরান আদালতে গিয়ে জানতে পারেন, তাঁর বিরুদ্ধে আসলে কোনো মামলা নেই।
এমরান উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামের বাসিন্দা। ওই ইউনিয়নের আনসার ও ভিডিপির লিডারের দায়িত্ব পালন করছেন তিনি।
প্রথম আলোকে দেওয়া এমরানের ভাষ্য, গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে জুড়ী থানার এএসআই সুমন মিয়ার নেতৃত্বে তিন-চারজন পুলিশ তাঁর বাড়িতে যায়। পুলিশের লোক পরিচয় দেওয়ার পর তিনি দরজা খুলে দেন। এএসআই সুমন তাঁকে জিজ্ঞেস করে, তাঁর নাম লেবু কি না। এমরান বলেন, তাঁর মূল নাম এমরান হোসেন হলেও ছোটবেলা পরিবারের লোকজন ‘লেবু’ নামেই ডাকতেন। এ কথা বলার পর এএসআই সুমন তাঁকে বলেন, তাঁর বিরুদ্ধে একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ কথা শুনে তিনি অবাক হয়ে যান। তিনি পুরোপুরি নিশ্চিত হতে এএসআই সুমনের কাছে আসামির বাবার নাম জানতে চান। তখন সুমন কোনো উত্তর না দিয়ে তাঁকে ধমক দিয়ে চুপ থাকতে বলেন। একপর্যায়ে সুমন তাঁকে বলেন, ১০ হাজার টাকা দিলে তাঁকে গ্রেপ্তার করা হবে না। তখন তিনি গ্রেপ্তার এড়াতে দুই প্রতিবেশীর কাছ থেকে ধার করে সুমনের দাবি মেটান। চলে যাওয়ার সময় এএসআই সুমন তাঁকে আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার পরামর্শ দেন।
এমরান বলেন, আজ সকাল নয়টার দিকে তিনি মৌলভীবাজারের আদালতে যান। সেখানে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, যে মামলার কথা এএসআই বলেছেন, সে মামলার আসামি তিনি নন এবং তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়নি। বরং ওই মামলার আসামি সাগরনালের উত্তর বড়ডহর গ্রামের লেবু মিয়া নামের একজন। গ্রেপ্তারি পরোয়ানা ওই লেবু মিয়ার বিরুদ্ধে।
এমরান আজ প্রথম আলোকে বলেন, ‘তথ্য নেওয়ার পর আমি আদালত থেকে বাড়ি চলে আসি। এখন এ ঘটনা মিটমাটের জন্য এএসআই বারবার ফোন করে থানায় যেতে বলছেন।’
এসব ব্যাপারে জানতে চাইলে এএসআই সুমন মোবাইলে প্রথম আলোকে বলেন, ‘দাদা, ভুল করে ফেলেছি।’
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী বলেন, ‘খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’