'শতকোটি টাকার' সাপের বিষ উদ্ধার, আটক ১
যশোর-বেনাপোল সড়কের শার্শা উপজেলার আমড়াখালী থেকে গত শুক্রবার রাতে ‘সাপের বিষভর্তি’ ছয়টি কাচের জার উদ্ধার করেছে বিজিবি। এতে ১২ পাউন্ড সাপের বিষ রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাষ্য, উদ্ধার হওয়া সাপের বিষের বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বিজিবি বলেছে, সাপের বিষ মূল্যবান পদার্থ। ওষুধ তৈরিতে এ পদার্থ ব্যবহার করা হয়। কোনো ওষুধ কোম্পানি বা পরীক্ষার জন্য এ পদার্থ আনা হতে পারে। এর সঙ্গে কারা জড়িত, তা বের করার চেষ্টা চলছে।
বিজিবি সূত্র জানায়, বেনাপোল সীমান্ত থেকে একটি প্রাইভেট কার যশোরের দিকে যাচ্ছিল। পথে আমড়াখালী চেকপোস্ট এলাকায় রাত ১১টার দিকে বিজিবি ২৬ ব্যাটালিয়নের সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। তখন গাড়ির পেছনের অংশ থেকে মূল্যবান এ বিষ উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক মো. মিলন কাজীকে আটক করা হয়। তিনি যশোর সদর উপজেলার কাগমারী গ্রামের আকবর আলীর ছেলে।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, জারগুলোর সঙ্গে একটি ব্যবহার নির্দেশিকা (ম্যানুয়াল) পাওয়া গেছে। তা থেকে নিশ্চিত হওয়া গেছে, জারগুলো সাপের বিষভর্তি, যা ফ্রান্সে প্রক্রিয়াজাত করা হয়েছে। ব্যবহার নির্দেশিকায় উল্লিখিত ডলারের বিপরীতে এই বিষের বর্তমান মূল্য প্রায় ১০০ কোটি টাকা।
বিজিবির অপর এক কর্মকর্তা জানান, এ ঘটনায় বেনাপোল থানায় পৃথক দুটি মামলা করা হবে।