'শরীরে গরম পানি ঢাইলা দিত!'
‘প্রতিদিন আমারে মারতো, হাত-পা বাইন্দা (বেঁধে) রাখত, ঠিকমতো খাইবার দিতো না, শরীরে গরম পানি ঢাইলা দিত, খুব কষ্ট হতো, চিৎকার করে কানতাম (কাঁদতাম), কিন্তু কেউ এগিয়ে আসত না।’
রুদ্ধশ্বাসে কথাগুলো বলল দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে মালয়েশিয়া গিয়ে পুলিশের হাতে আটক হওয়া কিশোর সুজন মিয়া (১৫)। রেড ক্রিসেন্টের সহায়তায় ফেরত আসা সুজনকে আজ শনিবার টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
সুজনকে নিতে আসা তার খালু নজরুল ইসলাম বলেন, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন অনেকটা মানসিক ভারসাম্যহীন। সুজনের জন্মের আগেই তার বাবা নিরুদ্দেশ হয়ে যান। তার মাও সব সময় মানসিকভাবে স্বাভাবিক থাকেন না। তার বড় ভাই রিকশাচালক। বছর খানেক আগে সুজন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ওই সময় সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। মাস খানেক আগে টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা সুজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বলেন, সুজনকে মালয়েশিয়া কারাগারে আটক অবস্থায় পাওয়া গেছে।
সুজন বলে, সে বছর খানেক আগে কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে চট্টগ্রাম চলে যায়। সেখানে কয়েকজন তাকে বিনা খরচে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা জানায়। এতে রাজি হলে সুজনকে তারা চোখ বেঁধে নৌকায় তুলে দেয়। সেখানে তার মতো আরও কয়েক শ লোক ছিল। তারা প্রথমে মিয়ানমারে নিয়ে যায়। সেখান থেকে থাইল্যান্ড। পরে স্পিডবোটে করে মালয়েশিয়া নিয়ে যাওয়া হয়।
মালয়েশিয়ায় সুজনসহ আরও ১০ থেকে ১২ জনকে একটি ঘরের ভেতর আটকে রেখে নির্যাতন করা হতো। ঠিকমতো খাবার না দিয়ে টাকার জন্য বাড়িতে যোগাযোগ করতে বলত। টাকা দিতে পরিবারের অক্ষমতার কথা জানালে, একদিন তারা সুজনকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। সেখানে সুজন মাসিক পাঁচ শ রিঙ্গিতের বিনিময়ে রাজমিস্ত্রির কাজ করত। তাকে শুধু খাওয়ার খরচ দিয়ে তার আয়ের পুরো অর্থ ওই দালালেরা নিয়ে যেত। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে পুলিশের কাছে ধরা দেয় সুজন।
সেখানেও তার জীবনে নির্যাতনের নতুন পর্ব শুরু হয়। সুজন জানায়, ‘পুলিশও বেঁধে রেখে নির্যাতন করত। মাঝে মাঝে শরীরে গরম পানি ঢেলে দিত। কারাগারে থাকার সময় এক লোক এসে আমাকে ঠিকানা জিজ্ঞেস করে। দেশে ফেরত নিতে বাড়ি থেকে টাকা পাঠাতে পারবে কি না জানতে চায়। আমি আমার পরিবারের অক্ষমতার কথা জানিয়ে দিই। তারা আমাকে পরিবারের কাছে একটি চিঠি লিখতে বলে। আমি আমার অবস্থার কথা জানিয়ে চিঠি লিখি। এরপর আজ আমি বাংলাদেশে।’
টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এম এ রৌফ বলেন, রেড ক্রিসেন্টের ‘রিস্টোরিং ফ্যামিলি লিংক’ (আরএফএল) মালয়েশিয়া কার্যালয় থেকে সুজনের একটি চিঠি আসে রেড ক্রিসেন্টের টাঙ্গাইল অফিসে। চিঠির সূত্র ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু সুজনকে দেশে ফিরিয়ে আনার মতো আর্থিক অবস্থা তাদের নেই জানালে, কেন্দ্রীয় রেড ক্রিসেন্টের মাধ্যমে সুজনকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার রাতে সুজন রেড ক্রিসেন্টের সহায়তায় ঢাকায় এসে পৌঁছে। পরে আনুষ্ঠানিকভাবে সুজনকে টাঙ্গাইল রেড ক্রিসেন্ট অফিস থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জেলা রেড ক্রিসেন্ট কার্যালয় সূত্র জানায়, তাদের কাছে সংরক্ষিত তথ্য অনুযায়ী শুধু মালয়েশিয়ার বিভিন্ন কারাগারেই টাঙ্গাইলের ৩৫ জন আটক রয়েছে। এ ছাড়া লিবিয়ায় রয়েছেন তিনজন নারীশ্রমিক ও সিঙ্গাপুরে আছেন একজন।