'শান্তিনীড়ে' মৃত্যু
বাসাটির নাম শান্তিনীড়। রাজশাহী নগরের মহিষবাথান এলাকার এই বাড়ি থেকেই এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম ওয়াহিদা সিফাত (২৭)। ওয়াহিদার বাবার অভিযোগ, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওয়াহিদার স্বামী মোহাম্মদ আসিফকে পুলিশ আটক করেছে।
ওয়াহিদা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছিলেন। মহিষবাথান এলাকার আইনজীবী মোহাম্মদ আলী ওরফে রমজানের ছেলে মোহাম্মদ আসিফকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তাঁরা কিছুদিন লন্ডনে ছিলেন। সন্তানসম্ভবা হলে স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন আসিফ। তাঁদের সন্তানের বয়স এখন দেড় বছর। লন্ডন থেকে আসার পর ওয়াহিদা শ্বশুরের বাসা শান্তিনীড়েই ছিলেন। আসিফের বাবা-মা বাসার নিচতলায় এবং আসিফ-ওয়াহিদা দোতলায় থাকতেন, আর তিনতলায় ভাড়াটিয়া থাকে।
এলাকাবাসী জানান, গত রোববার রাত নয়টায় ওয়াহিদা আত্মহত্যা করেছেন বলে প্রচারের পর তাঁকে তড়িঘড়ি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়।
ওয়াহিদার বাবা আমিনুল ইসলাম বলেন, তাঁর মেয়ে মারা গেছেন সন্ধ্যার পরপর। আর তাঁকে রাত ১০টার দিকে খবর দেওয়া হয়েছে। তারা একবার বলছে, দরজা ভেঙে মেয়েকে বের করা হয়েছে, আবার বলছে, পেছনের দরজা দিয়ে ঢুকেছে। একবার বলেছে, ফ্যানের সঙ্গে ঝুলে ছিল, আবার বলছে গ্রিলের সঙ্গে। তাদের কথাবার্তা সব উল্টাপাল্টা। তিনি অভিযোগ করেন, তারা মেয়েকে হত্যা করেছে। সব আলামত গোপন করে হাসপাতালে নেওয়ার পর তাঁকে খবর দেওয়া হয়েছে। তিনি এসে হাসপাতাল মর্গে মেয়ের লাশ পেয়েছেন। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আসিফ-ওয়াহিদা প্রেম করে বিয়ে করেছিলেন। গত সোমবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ওয়াহিদা তাঁর স্বামীর মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠান। তাতে লেখা ছিল, ‘তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। এখন বাবা-মায়ের দোষ দিয়ে আর কী করব?’
ওসি জানান, এ ঘটনায় ওয়াহিদার স্বামীকে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আটক করা হয়েছে। মামলা দিলে তাঁরা মামলা নেবেন। তারপর তদন্তে দেখা যাক, কী পাওয়া যায়।