'শাহাদাৎ বাহিনীর' ৬ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসী সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। তাঁরা বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ‘শাহাদাৎ বাহিনী’ নামে একটি সন্ত্রাসী চক্রের সদস্য। গতকাল সোমবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সেন্টু মিয়া (২৪), মিলন সুমন (২৪), ইয়ামিন সরকার (২৭), বাবু আহম্মেদ (৩৬), মাসুদ রানা (২৭) ও এসএম সোলায়মান কাদের (২৩)। ঘটনাস্থল থেকে মামুন নামে আরেকজন পালিয়ে যান। তাঁদের মধ্যে মিলন, ইয়ামিন, বাবু ও সোলায়মান একটি হত্যা মামলার আসামি বলে র্যাব জানিয়েছে।
র্যাবের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা পল্লবীতে মেসার্স লক্ষ্মীপুর বাণিজ্যালয় নামে একটি দোকানের স্বত্বাধিকারী দুই ভাই রফিকুল ইসলাম ও ইসমাইল হোসেনের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁদের হত্যারও হুমকি দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন সময়ে দোকানে ঢুকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করে এই চক্রের সদস্যরা। গতকাল রাতে দোকানে ঢুকে চাঁদা আদায়ের চেষ্টার সময় র্যাব তাঁদের গ্রেপ্তার করে।