'শিকলে বেঁধে রাখা' ব্যক্তিও আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মানসিকভাবে অসুস্থ যুবক পলাশ (৩১)। বাড়িতে শিকলে বেঁধে রাখা হতো তাঁকে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়ে তিনিই ৪২ দিন ধরে কারাগারে পড়ে আছেন। দরিদ্র বাবা ওহিদ মিয়া ছেলের পক্ষে মামলা লড়তে আইনজীবী ঠিক করতে পারেননি।
একই অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে ৬০ বছরের দিনমজুর হারিছ মিয়া ও বৃদ্ধ গণি মিয়াকে। গ্রেপ্তার হয়েছেন ফেরিওয়ালা মো. মনিরও (৪০)। গ্রেপ্তার হওয়া এসব ব্যক্তির স্বজনদের অভিযোগ, পুলিশ বিনা কারণে তাঁদের গ্রেপ্তার করেছে। তবে পুলিশ এই চার আসামিকে আদালতে পাঠিয়ে যে কাগজপত্র দাখিল করেছে, তাতে বলা হয়েছে, তাঁরা দাঙ্গাবাজ, উচ্ছৃঙ্খল ও লাঠিয়াল প্রকৃতির লোক।
শুধু এই চার পরিবারই নয়, নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও কয়েকজনের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পুলিশ বাছবিচার ছাড়াই তাঁদের স্বজনদের গ্রেপ্তার করেছে। বিনা দোষে গ্রেপ্তার হয়ে তাঁরা কারাগারে রয়েছেন।
পরিবারগুলোর ভাষ্য, এ রকম কয়েকজন হলেন হোটেলের কর্মী সাবজাল মিয়া, খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আসা মো. হৃদয়, মায়ের মৃত্যুর দোয়া অনুষ্ঠানে যোগ দিতে আসা গোলাপ খান, মুদি দোকানি আবদুর রহিম, চা-দোকানি শিপন মিয়া, দিনমজুর গোলাপ খাঁ, শ্রমিক সুরুজ মিয়া, রিকশাচালক ইনসাফ আলী, সিএনজিচালক নাজমুল হোসেন, ট্রাকচালক তারেক মিয়া প্রমুখ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২০-২৫ জনের পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। নাসিরনগরে হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া আট মামলায় এখন পর্যন্ত ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে তিন হাজারের বেশি লোককে।
নাসিরনগরের হামলার ঘটনার যেসব ভিডিও ফুটেেজ দেখা গেছে, হামলাকারীদের বয়স ছিল ১৩ থেকে ২০। কিন্তু পুলিশ যাঁদের গ্রেপ্তার করেছে তাঁদের বেশির ভাগের বয়সই ২৫ থেকে ৪০। রয়েছেন ৫০-৬০ বছর বয়সী লোকেরাও। এলাকার লোকজনের অভিযোগ, পুলিশ ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের কথা বললেও এ দাবি ভিত্তিহীন।
পলাশ নাসিরনগরের দাঁতমণ্ডল ইউনিয়নের দাঁতমণ্ডল গ্রামের দিনমজুর ওহিদ মিয়ার (৬০) ছেলে। তাঁর তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে পলাশ বড়। পলাশের স্ত্রী, দুই শিশুসন্তানসহ ছয়জনের সংসার এখন বৃদ্ধ ওহিদকেই চালাতে হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর দিবাগত রাত তিনটার দিকে পলাশকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতে পলাশসহ নয়জনকে গ্রেপ্তার করে উপজেলা সদরের দত্তবাড়ির দুর্গা মন্দিরে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পলাশের চাচা মতিউর রহমান বলেন, ‘১০ বছর ধরে পলাশের মানসিক সমস্যা। অনেক চিকিৎসা করেও ফল পাইনি। সারা দিন পাগলামি করে। ঘরের মানুষকেও মারধর করে। তাই বাধ্য হয়ে িশকল দিয়ে বাড়িতে বেঁধে রাখা হতো।’
স্ত্রী হোসনা বেগম বলেন, পলাশ মা-বাবা, স্ত্রী-সন্তান কাউকেই চিনতেন না। তাঁকে গ্রেপ্তারের পর ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে তিনবার এবং গত সপ্তাহে কুমিল্লা কারাগারে গিয়ে দেখে এসেছেন।
পলাশের বাবা বলেন, গ্রেপ্তার করার দিন রাতে পলাশ তাঁর পাশেই ঘুমানো ছিল। ধরে নিয়ে যাওয়ার সময় পলাশের অসুস্থতার কথা জানালেও পুলিশ শোনেনি। পরের দিন থানায় গিয়েছিলেন। কিন্তু পুলিশ পলাশের সঙ্গে দেখাই করতে দেয়নি। তিনি বলেন, ‘আমি গরিব মানুষ। অহন সংসার চালাইতে পারি না। টেহা নাই। পলাশের জামিনের লাইগ্যা উকিলও ধরতে পারতাছি না।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নুরুন্নবী ভূঁইয়া বলেন, মানসিক সমস্যা থাকায় পলাশকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কুমিল্লা কারাগারের জেলার মুজিবুর রহমান বলেন, কারাগারের হাসপাতালে পলাশকে রাখা হয়েছে। ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক বিভাগে পাঠানো হয়েছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে।
দাঁতমণ্ডল গ্রামের মো. হৃদয় তাঁর খালাতো ভাই মোস্তাক আহমেদ তালুকদারের বিয়েতে যোগ দিতে ঢাকা থেকে ৩ নভেম্বর গ্রামে আসেন। একই দিন প্রতিবেশী গোলাপ খান মা মোমেনা খাতুনের মৃত্যুতে আয়োজিত দোয়ার অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে গ্রামে আসেন। ৫ নভেম্বর উপজেলা সদরের কলেজ মোড় থেকে তাঁদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
৫ নভেম্বর গ্রেপ্তার করা হয় উপজেলা সদরের কলেজ মোড়ের চা-বিক্রেতা গণি মিয়াকেও। তাঁর স্ত্রী সাহারা বানু বলেন, হামলার সময় তাঁর স্বামী দোকানে ছিেলন। তাঁকে গ্রেপ্তারের পর সাতজনের সংসার এখন ভিক্ষা করে চালাতে হচ্ছে।
একই দিন বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বৃদ্ধ হারিছ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর মেয়ে পারভিন আক্তার বলেন, তিন বছর আগে দুই ছেলে ও এক মেয়ে রেখে সড়ক দুর্ঘটনায় তাঁর স্বামী হানিফ মারা যান। এরপর থেকে বাবাই দিনমজুরি করে সংসার চালাতেন।
পুলিশের গ্রেপ্তার থেকে রেহাই পাননি নাসিরনগরের নূরপুর গ্রামের রিকশাচালক ইনসাফ আলী (৫০) এবং তাঁর সদ্যোজাত নাতিকে দেখতে আসা মেয়েজামাই ঢাকার হোটেল বাবুর্চি খায়রুলও। তাঁদেরও গত ৫ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ ও ধৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করেছি। পলাশের বিষয়টি আমার জানা নেই। পুলিশ কেন এমনটি করল, খোঁজ নেওয়া হবে। সে মানসিকভাবে অসুস্থ ও ঘটনার সঙ্গে জড়িত না হয়ে থাকলে তাঁর জামিনের ব্যবস্থা করা হবে।’