'শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করা হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মতো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, নেপালসহ বিশ্বের প্রায় সর্বত্র শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করা হয়েছে। ফলে দেশে দেশে শ্রমজীবী সাধারণ মানুষের সন্তানেরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

লড়াই-সংগ্রামের তিন দশক উদ্‌যাপন উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়ায় সিটি প্রশিক্ষণ কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, নেপাল ও বাংলাদেশের ছাত্রনেতারা এ মত ব্যক্ত করেন।

নেতারা বলেন, শিক্ষার বাণিজ্যিকীকরণের সঙ্গে চলছে বেসরকারীকরণ ও সাম্প্রদায়িকীকরণ। বাংলাদেশে সবার জন্য শিক্ষার দাবিতে, শিক্ষা ধ্বংসের সব চক্রান্তের বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্র গণ-আন্দোলন গড়ে তুলছে তার ভূয়সী প্রশংসা করেন তাঁরা। শেষে বিশ্বব্যাপী শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ ও সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে একটি প্ল্যাটফর্ম তৈরি করে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান।

সংগঠনের জেলা শাখার সভাপতি সজল বাড়ৈর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ভারতের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং সর্বভারতীয় সভাপতি সুচেতা দে। সভায় সংগঠনের শতাধিক নেতা-কর্মীসহ প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।