রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির নির্দেশিকায় (প্রসপেকটাস) ছাত্রদের জন্য তিনটি ছাত্রাবাস থাকার কথা প্রচার করেছে। কাগজপত্রে ছাত্রদের জন্য এই সুবিধার কথা প্রচার করা হলেও বাস্তবে এই তিনটিসহ চারটি ছাত্রাবাস পাঁচ বছর ধরে বন্ধ। ফলে ছাত্রদের বিভিন্ন মেসে থাকতে হচ্ছে।
কলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির ছাত্রাবাসগুলো দখল করে নিতে পারে—এই ভয়ে কলেজ প্রশাসন সেগুলো চালু করছে না। ছাত্রদের আবাসনসংকট দূর করতে প্রশাসনের উচিত নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত হলগুলো খুলে দেওয়া।
বেগম রোকেয়া, শহীদজননী জাহানারা ইমাম ও তাপসী রাবেয়া নামে তিনটি ছাত্রীনিবাস থাকলেও সেগুলোতে আসনের চেয়ে দ্বিগুণ ছাত্রী থাকছেন। কিন্তু ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় বহিরাগতদের উত্পাতে নিরাপত্তাহীনতায় ভোগেন এই ছাত্রীরা।
আবাসনসংকট ছাড়াও পর্যাপ্ত শিক্ষক ও শ্রেণিকক্ষ না থাকায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, আয়তনের দিক দিয়ে বিরাট হলেও ক্যাম্পাসের বড় সমস্যা হলো বহিরাগতদের দাপট। হরহামেশাই স্থানীয় বহিরাগতদের হাতে শিক্ষার্থীদের লাঞ্ছিত ও ছিনতাইয়ের শিকার হতে হয়। সম্প্রতি দিনদুপুরে ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়েছে বিভাগের সামনে থেকে।
গত বুধবার শত বছরের পুরোনো কারমাইকেল কলেজ ঘুরে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেল। বর্তমানে এই কলেজে নিয়মিত শিক্ষার্থী ২০ হাজার ৩০৫ জন এবং প্রাইভেট শিক্ষার্থী আরও প্রায় ১২ হাজার। উচ্চমাধ্যমিক, ১৮টি বিষয়ে স্নাতক (সম্মান) ও মাস্টার্স পড়ানো হয় এই কলেজে। রংপুর বিভাগের আটটি জেলা ছাড়াও অন্যান্য জেলার শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন। ১৯১৬ সালে প্রায় ৯০০ একর জমির ওপর অবিভক্ত বাংলার তত্কালীন গভর্নর লর্ড টমাস ব্যারোন কারমাইকেলের নামে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জমি কমতে কমতে দাঁড়িয়েছে ২৫৩ দশমিক শূন্য ১ একর। কলেজটি সরকারি হয় ১৯৬৩ সালে।
বিরাট ক্যাম্পাস থাকলেও ছাত্রদের নিজ ক্যাম্পাসে থাকার কোনো আবাসিক সুবিধা নেই। চারটি ছাত্রাবাস থাকলেও এগুলো ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের জের ধরে ২০১১ সালের ১৫ মার্চ থেকে বন্ধ হয়ে আছে। ছাত্রাবাসগুলো হলো রাজা গোপাল লাল রায়ের নামানুসারে প্রতিষ্ঠিত জি এল ছাত্রাবাস, ঐতিহাসিক কাশিমবাজারের নামে কে বি ছাত্রাবাস, এম এ জি ওসমানী ছাত্রাবাস এবং সি এম ছাত্রাবাস। এর মধ্যে সি এম ছাত্রাবাসটি এতটাই করুণ হয়ে গেছে যে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কলেজের একজন অধ্যাপক প্রথম আলোকে বলেন, এই এলাকায় ছাত্রশিবিরের প্রভাব বেশি। এখন ছাত্রাবাসগুলো খুলে দিলে তারা আবার এগুলো দখল করতে চাইবে। এ নিয়ে আবারও মারামারির আশঙ্কা রয়েছে। তাই কলেজ প্রশাসন এগুলো খুলতে চাইছে না।
আবাসিক ছাত্রাবাস না থাকায় ছাত্রদের বেশি খরচ করে বাইরের ‘মেসে’ থাকতে হয়। অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র চিত্তরঞ্জন রায় প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ি প্রায় ৮০ কিলোমিটার দূরে পঞ্চগড়ের দেবীগঞ্জে। কলেজপাড়ায় মেস ভাড়া করে থাকছেন। সেখানে প্রতি সিটের জন্য ৭০০ টাকা করে দিতে হচ্ছে। মেসের মালিক সুযোগ পেলেই ভাড়া বাড়ান। অথচ ছাত্রাবাস চালু থাকলে খরচ কমে যেত। শিক্ষার্থীদের দাবি, নিরাপত্তা বাড়িয়ে ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হোক।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বানু প্রথম আলোকে বলেন, শিবিরের ভয়ে খোলা হচ্ছে না—এই অভিযোগ ঠিক নয়। ছাত্রাবাসগুলো সংস্কারের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। এ ছাড়া ছাত্রীদের জন্য একটি ও ছাত্রদের জন্য আরেকটি নতুন ছাত্রাবাস নির্মাণ হচ্ছে।
জানতে চাইলে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ হানজালা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অর্থের সীমাবদ্ধতা থাকায় যেগুলো বেশি প্রয়োজন সেগুলো আগে সংস্কার করা হবে।
নিজ ক্যাম্পাসেই নিরাপদ নন শিক্ষার্থীরা: কলেজে কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তাঁদের অভিযোগ, ক্যাম্পাস অনেকটাই অরক্ষিত। ব্যবস্থাপনা বিভাগের একজন ছাত্র প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে বন্ধুবান্ধব আড্ডা দেওয়ার সময় প্রায়ই আশপাশের বহিরাগত যুবকেরা এসে ভয় দেখিয়ে টাকাপয়সা ছিনিয়ে নেয়। বিশেষ করে ছাত্রছাত্রীরা আড্ডা দিলে এ ঘটনা বেশি ঘটে। কিছুদিন আগেও তাঁর এক বান্ধবী বহিরাগতদের হাতে লাঞ্ছিত হন। এ কারণে দুপুরের পর অনেকেই ক্যাম্পাসে থাকতে চান না। শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদান না হওয়ায় প্রাইভেটের পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বসে গ্রুপ ডিসকাশন করেন। বিসিএসসহ বিভিন্ন চাকরির প্রস্তুতির জন্যও আলোচনা করেন। কিন্তু সেখানেও বহিরাগতরা উত্পাত করে। কলেজে আগে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও এখন সাইনবোর্ড ছাড়া কিছুই নেই।
এ বিষয়ে অধ্যক্ষ বলেন, বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নিরাপত্তার বিষয়টি সরেজমিনে দেখার জন্য শিক্ষক ও কর্মচারীদের সমন্বয়ে কয়েকটি ‘টিম’ গঠন করে দিয়েছেন তিনি।
শিক্ষকসংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত: কলেজে শিক্ষকের অনুমোদিত পদ আছে ১৮২টি, আছেন ১৫৫ জন। কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, শিক্ষকসংকটের কারণে ক্লাসের সমস্যা হয়। বিশেষ করে কোনো বর্ষের পরীক্ষা থাকল এই সমস্যা বেশি হয়। ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্র প্রথম আলোকে বলেন তাঁর আটটি কোর্স ছিল। কোনো কোর্সের পড়া ক্লাসে শেষ হয়নি। তাই বাধ্য হয়েই প্রাইভেট পড়তে হয়েছে।