'শিবির' তকমা দিয়ে নিজেদের নেতাকে পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছাত্রশিবিরের গুপ্তচর’ তকমা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক বহিষ্কৃত নেতাকে পিটিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ছাত্রলীগের ওই নেতার নাম পিযুষ কান্তি বর্মন। তিনি বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় ২০১৩ সালের ২০ আগস্ট পিযুষকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। এর পরও তিনি ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতেন। একই বছরের ৩১ আগস্ট ছাত্রশিবিরের এক নেতার সঙ্গে তাঁর কথোপকথনের একটি মোবাইল ফোন সংলাপ ‘ফাঁস’ হয়ে যায় বলে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়। এই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে পিযুষের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর তিনি ক্যাম্পাস ছেড়ে চলে যান।

দীর্ঘদিন পর আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন পিযুষ কান্তি বর্মন। দুপুরে খালেদা জিয়া হলের সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মীরা তাঁকে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিক্সটি নাইনের নেতা ও ছাত্রলীগের বিলুপ্ত কমিটির অর্থ সম্পাদক আবু কাইজার প্রথম আলোকে বলেন, ‘পিযুষ শিবিরের এজেন্ট। সে দীর্ঘদিন পর পুনরায় শিবিরের সঙ্গে আঁতাত করতে ক্যাম্পাসে আসলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে ধাওয়া দেয়।’

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, ‘একজনকে মারধর করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিযুষকে উদ্ধার করে।

এ প্রসঙ্গে জানতে পিযুষের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।