'শিশুটির কী অপরাধ যে হত্যা করা হলো?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নির্মাণাধীন একটি পাকা বাড়ির সানশেড থেকে পলিথিনে মোড়া অবস্থায় সৌরভ কুমার নামের পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর আজ সোমবার লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সৌরভের গ্রামের বাড়ি উপজেলার রায়গ্রাম গ্রামে। গতকাল রোববার বেলা দুইটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজেও তার সন্ধান পাননি। এ ঘটনায় ওই দিনই কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। আজ বেলা তিনটার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে নির্মাণাধীন একটি বাড়ির সানশেডের ওপর থেকে পলিথিনে মোড়া তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

কাঁদতে কাঁদতে সৌরভের মা উমা রানী প্রথম আলোকে বলেন, তাঁর দুই সন্তানের মধ্যে সৌরভ ছোট। তাঁর স্বামী বলয় কুমার মুদি ব্যবসায়ী। কারও সঙ্গে তাঁদের শত্রুতা নেই। কেন, কারা সৌরভকে হত্যা করল, তা তিনি বুঝতে পারছেন না। বাবা বলয় কুমার চিৎ​কার করে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমার পাঁচ বছরের শিশুটির কী অপরাধ? কোন অপরাধে তাকে হত্যা করা হলো?’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও হত্যার কারণ জানার চেষ্টা চলছে।