'শেয়াল-কুকুরে শিশুটির শরীরের মাংস খেয়ে গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলার পুড়াভিটা এলাকার একটি বাঁশবাগান থেকে এক শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ওই কঙ্কাল উদ্ধার করে পুলিশ। 


চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ‘আমরা শিশুটির মাথার খুলি, হাড়গোড়, কঙ্কাল উদ্ধার করেছি। তাকে দিন দশেক আগে হত্যা করে ফেলে রাখা হয়ে থাকতে পারে। শেয়াল-কুকুরে তার শরীরের মাংস খেয়ে গেছে।’ ওসি জানান, কঙ্কালটি দেব কুমার পাহাড়িয়া নামের আট বছর বয়সী এক শিশুর বলে দাবি করেছেন তার মা আরতি রানি। শিশুটির বাবা পুড়াভিটা গ্রামের শম্ভুনাথ পাহাড়িয়া।

ওসি বলেন, দেব কুমার তার মায়ের সঙ্গে নানি বাড়িতে থাকত। মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে। ১০ দিন আগে দেবের সৎবাবা অনিল জামা কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। দেবের মা আরতি রানি পুড়াভিটা এলাকার স্থানীয় লোকজনদের বিষয়টি জানিয়েছিলেন। কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে স্থানীয় লোকজন খবর দিলে মা আরতি ঘটনাস্থলে ছুটে আসেন। যে বাঁশ বাগানে কঙ্কালটি পড়ে ছিল, তার পাশেই থাকা শিশুর জামাকাপড় পাওয়া যায়; যা দেখে তিনি কঙ্কালটি দেব কুমারের বলে দাবি করেন।

ওসি বলেন, তারপরও পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি জানান, ১০ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই দেব কুমারের সৎবাবা অনিল কুমার পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।