'শয়তান তাড়ানোর' নামে সাঁওতাল নারীকে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে ‘শয়তান তাড়ানোর’ নামে নির্যাতন করায় এক সাঁওতাল নারীর মৃত্যু হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, স্থানীয় একটি গির্জায় গত মঙ্গলবার রাতে চিকিৎসার নামে ফুলমনি মুরমু (৬০) নামের ওই বৃদ্ধাকে লাঠি দিয়ে পেটানোসহ বিভিন্নভাবে নির্যাতন করা হয়। পুলিশ এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে।
ফুলমনি মুরমুর বাড়ি তানোর উপজেলার চুনিয়াপাড়া আদিবাসী পল্লিতে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর তাঁর লাশ গতকাল সন্ধ্যায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই ফুলমনির মাথাব্যথা ও বুক ধড়ফড় করছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় দুই মেয়ে আরতি মার্ডি ও শেফালি মার্ডিকে নিয়ে তিনি তানোরের মুন্ডুমালা মিশন ‘সাধুজন মেরী ভিয়ান্নী’ গির্জায় ‘চিকিৎসার জন্য’ যান। গির্জার ফাদার মাইকেল কুড়াইয়া তাঁকে দেখে বলেন, তাঁর (ফুলমনি) শরীরে অশুভ শক্তি ভর করেছে। অশুভ শক্তি দূর করার জন্য গির্জার শিক্ষিকা বিলাসী সরেনকে নির্দেশ দেন ফাদার। এরপর বিলাসী ঝাড়ফুঁক শুরু করেন। ঝাড়ফুঁকের একপর্যায়ে বিলাসী উপস্থিত সবাইকে বলেন, ফুলমনির শরীরে রাক্ষস ভর করেছে। পরে বিলাসী ও ফাদারের শিষ্য পিয়াস মার্ডি, রতন হাসদা, হিউমাক ববি, ফাল্গুনী মুরমু, বর্ষা মার্ডি ও শম্পা হেমব্রম লাঠি ও গাছের ডাল দিয়ে ফুলমনিকে পেটাতে শুরু করেন। সেই সঙ্গে তাঁরা ফুলমনির গায়ের ওপর ওঠেন ও মাথার চুল ধরে টানাটানি করতে থাকেন। একপর্যায়ে রাত একটার দিকে ঘটনাস্থলেই ফুলমনির মৃত্যু হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বিলাসী সরেন থানায় সাংবাদিক ও পুলিশকে বলেন, ‘ফুলমনির শরীরে রাক্ষস ভর করেছিল। শরীর থেকে রাক্ষস বের করার পর তাঁর মৃত্যু হয়েছে।’
এ ব্যাপারে ফাদার মাইকেল কুড়াইয়া বলেন, তাঁদের গির্জায় অসুস্থ লোকদের শুধু ঝাড়ফুঁক দেওয়া হয়, আর কোনো কিছু করা হয় না। নির্যাতনের বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ফুলমনির শরীর থেকে ‘শয়তান তাড়ানোর’ নামে তাঁকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ফুলমনির মেয়ে শেফালি মার্ডি হত্যা মামলা করেছেন। হিউবাক ববি, রতন হাসদা, বিলাসী সরেন, শম্পা হেমব্রম, বর্ষা মার্ডি ও ফাল্গুনি মুরমুকে গ্রেপ্তার করা হয়েছে।