'ষোলোকলা' পূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকসহ বড় ছেলে ধরা পড়েন ফেব্রুয়ারি মাসে। পরের মাসে একই অপরাধে গ্রেপ্তার হন ছোট ছেলে। এপ্রিল মাসে মাদক বিক্রি করার সময় গ্রেপ্তার করা হয় স্ত্রীকে। তিনজনই এখন কারাগারে রয়েছেন। সব শেষে ইয়াবা ও গাঁজাসহ ধরা পড়লেন গৃহকর্তা রহমত উল্ল্যাহ। তিনি ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।
পুলিশ জানায়, মাদক বিক্রির অভিযোগে গত শুক্রবার রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রাম থেকে সহযোগীসহ আওয়ামী লীগ নেতা রহমত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্যজন হলেন আবদুর রব।
রহমত উল্লাহ চরচান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি বলে ইউনিয়ন নেতারা জানান। তবে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের দাবি, রহমত বর্তমান কমিটিতে নেই। আগে চর চান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, মাদক বিক্রির খবর পেয়ে গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রহমত উল্লাহর বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে ১০টি ইয়াবা বড়ি ও ২৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রহমত ও তাঁর সহযোগী আবদুর রবকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর আগেও রহমত উল্লার বিরুদ্ধে সোনাগাজী থানায় পাঁচটি মামলা ছিল।
ওসি জানান, গতকাল শনিবার গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল মাদক বিক্রির সময় তিন সহযোগীসহ রহমত উল্লাহর স্ত্রী লাইলি বেগম লাভলীকে গ্রেপ্তার করা হয়। গত ২১ মার্চ তাঁর ছেলে শাখাওয়াত হোসেন ওরফে জাবেদকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। গত ৭ ফেব্রুয়ারি রহমত উল্লাহর বড় ছেলে শাহাদাৎ হোসেন ওরফে জুয়েলকেও মাদকসহ গ্রেপ্তার করা হয়।