নতুন বই বিতরণের সময় বিদ্যালয়ের দরজা-জানালা ‘মেরামতের জন্য’ টাকা নিচ্ছিলেন এক শিক্ষিকা। তাঁর কাছ থেকে ৮৯১ টাকা উদ্ধারও করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
শিক্ষা কার্যালয় সূত্র জানায়, গতকাল সারা দেশের মতো টেকনাফের ২২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণের কাজ চলছিল। এ সময় খবর আসে, নোয়াখালীয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই দিয়ে টাকা নেওয়া হচ্ছে। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর ওই বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পান। টাকা নিয়ে বই দেওয়ার সময় সহকারী শিক্ষিকা মাহমুদা আকতারের কাছ থেকে ৮৯১ টাকা উদ্ধার করা হয়।
কয়েকজন শিক্ষার্থী জানায়, ওই সহকারী শিক্ষিকা বই দেওয়ার সময় জনপ্রতি ৪০ টাকা করে নিয়েছেন। যারা টাকা দিতে পারেনি, তাদের বই দেওয়া হয়নি।
শিক্ষিকা মাহমুদা আকতার বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নির্দেশে নতুন বই দেওয়ার সময় তিনি টাকা আদায় করেছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের দরজা-জানালা মেরামত করার জন্য কিছু শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিতে বলেছি শিক্ষিকাকে।’ সরকার সংস্কারকাজের জন্য টাকা বরাদ্দ দেয়নি—এই প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, ‘মুচলেকা নিয়ে ওই শিক্ষিকাকে ছেড়ে দেওয়া হয়। আগামী সোমবার এ ব্যাপারে উপজেলা শিক্ষা কার্যালয়ে বৈঠক হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দীন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাকে পরামর্শ দিয়েছি।’