'সংহতি দিবসের' সভায় সংঘর্ষে জড়াল ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাবহুল ৭ নভেম্বরকে ঘিরে চট্টগ্রামে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির আলোচনা সভায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদলের দুই পক্ষ। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে এ ঘটনা ঘটে। সভা চলাকালে দুই পক্ষের কর্মীদের মধ্যে দুই দফায় হাতাহাতির ঘটনা ঘটে। এক পক্ষ অন্য পক্ষকে চেয়ার ছুড়ে মারে। এ সময় আতঙ্কে অনেকে এদিক-ওদিক ছুটতে থাকেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল সোয়া চারটার পর নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বক্তব্য দেওয়া শুরু করেন। এর কিছুক্ষণ পর সভামঞ্চের সামনে ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শাহাদাৎ হোসেন তাদের শান্ত থাকার পরামর্শ দেন। কিন্তু এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে চেয়ার ছুড়তে থাকে এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারী কর্মীরা মঞ্চের পেছনে আশ্রয় নেন। অনেক নেতা-কর্মী দৌড়ে সভাস্থল ছেড়ে যান।
সভাস্থলে থাকা নেতা-কর্মীরা বলেন, কয়েক মিনিট ধরে সংঘর্ষ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে শাহাদাৎ হোসেন আবার বক্তৃতা শুরু করেন। কিন্তু দুই-তিন মিনিট পর আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটে। এ সময় জ্যেষ্ঠ নেতারা মঞ্চের সামনে এসে অবস্থান নিয়ে হাঙ্গামাকারীদের সরিয়ে দেন। পরে আবার সভা শুরু হলে বক্তারা নিজেদের আত্মসমালোচনা এবং হাঙ্গামাকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলার তাগিদ দেন।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এক পক্ষ নগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ এবং অন্য পক্ষে সাধারণ সম্পাদক বরকত উল্লাহর অনুসারী হিসেবে পরিচিত। নগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই শাহাদাৎ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
সভায় শাহাদাৎ হোসেন হাঙ্গামাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে তোমাদের মিছিল করার মুরোদ নেই। আমাদের আলোচনা সভায় তোমরা গন্ডগোল সৃষ্টি করে দলের শৃঙ্খলাবিরোধী কাজ করেছ। তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে সংঘর্ষের কারণে বক্তৃতা না দিয়ে চলে যান নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম। চট্টগ্রাম নগর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান।
সভায় সাবেক সাংসদ রোজী কবির বলেন, ৭ নভেম্বরের ঘটনাবলিকে আওয়ামী লীগ ভিন্নভাবে উপস্থাপন করছে।
বিপ্লব উদ্যানে বাধা: ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির নেতা-কর্মীরা গতকাল সকাল ১০টায় নগরের ষোলশহর বিপ্লব উদ্যানে ফুল দিতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় উদ্যানটি ঘেরাও করে রাখে পুলিশ।
জানতে চাইলে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) তারেক আহমেদ প্রথম আলোকে বলেন, ৭ নভেম্বরের কর্মসূচি সম্পর্কে ষোলশহর বিপ্লব উদ্যানে যাওয়ার ব্যাপারে কেউ পুলিশের অনুমতি নেয়নি। এ কারণে সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি।