'সন্দেহবশত' আটক দুই পুলিশ প্রত্যাহার
চট্টগ্রামের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় ‘সন্দেহবশত’ আটক হওয়া চকরিয়া থানার উপপরিদর্শক আকতার হোসেন ও কনস্টেবল বেলাল উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার রাতে কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ তাঁদের পুলিশ লাইনে প্রত্যাহারের আদেশ দেন।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, শনিবার রাতে ওই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। গতকাল রোববার তাঁরা পুলিশ লাইনে চলে গেছেন।
বিভিন্ন সূত্র জানায়, ইয়াবা পাচার হচ্ছে—এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির কাছে তল্লাশিচৌকি বসান। সেখানে একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে ৮ লাখ ৭০ হাজার টাকাসহ উপপরিদর্শক আকতার হোসেন, কনস্টেবল বেলাল উদ্দিন, চকরিয়ার শিকলঘাটের বাসিন্দা মো. ওসমান ওরফে দাদা ওসমান ও তাঁর সহযোগী কামাল উদ্দিনকে আটক করা হয়। পরে তাঁদের চট্টগ্রাম বিভাগীয় পুলিশ কমিশনার (ডিআইজি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, ‘ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে, তাই তাঁদের প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। অভিযোগ সত্য হোক মিথ্যা হোক, তদন্তে তা বেরিয়ে আসবে।’