'সন্দেহভাজন' জাকির মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাকির হোসেন ওরফে শাওন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন জঙ্গির নাম প্রকাশ না করলেও ওই ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানানো হয়েছিল। সে হিসেবে জাকিরই ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়া সন্দেহভাজন জঙ্গি।

জাকিরের পরিবার শুরু থেকেই তাঁর (জাকির) সঙ্গে জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছিল। তাঁর মা মাসুদা বেগম ও হলি আর্টিজান রেস্তোরাঁর ব্যবস্থাপক সাজেদর রহমান জানান, বছর দেড়েক আগে জাকির রেস্তোরাঁয় বাবুর্চির সহযোগী হিসেবে পাঁচ হাজার টাকা বেতনে চাকরিতে ঢোকেন। হামলার দিন থেকে তাঁর মা-বাবা তাঁকে খুঁজে পাচ্ছিলেন না। সোমবার সকালে তাঁরা জাকিরের ছবি নিয়ে রেস্তোরাঁর সামনে গেলে সংবাদকর্মী ও পুলিশ তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জাকির হোসেন সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। মারা যাওয়ার পরও পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি প্রায় দুদিন পুলিশি হেফাজতে থাকলেও তাঁর কথাবার্তা ছিল অসংলগ্ন। পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান মনিরুল ইসলাম ফেসবুকে লিখেছেন, জাকির হোসেন শাওন এজাহারভুক্ত আসামি নন। তাঁকে গ্রেপ্তারও করা হয়নি। ২ জুলাই ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী (পরিচালক, মিলিটারি অপারেশনস) সংবাদ সম্মেলনে জানান, অভিযানে ছয় জঙ্গি নিহত হয়েছেন ও একজন ধরা পড়েছেন। সংবাদ সম্মেলনে কারও নাম জানানো হয়নি। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক রাশিদুল হাসান বলেন, যাঁকে ধরা হয়েছিল, তাঁকে পুলিশের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছে।

গত শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁর বাবা আবদুস সাত্তার প্রথম আলোকে মুঠোফোনে জানান, তাঁর ছেলে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর দেখা যায়, জাকিরকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। উপস্থিত পুলিশ সদস্যরা বলেন, জাকির বেঁচে আছেন। বিকেল ৫টা ১০ মিনিটে চিকিৎসকেরা জাকিরকে মৃত ঘোষণা করেন।

জাকিরের মা মাসুদা বেগম একজন পিঠা বিক্রেতা। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি অভিযোগ করেন, আহত ও রক্তাক্ত জাকিরের ওপর পুলিশ নির্যাতন চালিয়েছে। সে কারণেই জাকির মারা যান।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান অবশ্য জাকিরের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।