ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামের কাঠমিস্ত্রি বিল্লাল মিয়ার পরিবারের বেঁচে থাকা সদস্যদের আতঙ্ক কাটছে না। ওই পরিবারে মধ্যে ঈদের আনন্দ নেই। ঈদের কথা জিজ্ঞেস করতেই বিল্লালের স্ত্রী বানেছা বেগম কেঁদে উঠে বলেন, ‘আমরার সব আনন্দ কাইড়া অসহায় কইরা দিছে খুনিরা।’
৩ জুলাই রাতে বিল্লাল ও তাঁর তিন ছেলে ফরিদ, পাভেল, হিমেলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হামলায় বিল্লালের স্ত্রী বানেছাও গুরুতর আহত হন। এ ঘটনায় বানেছা ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।
গত মঙ্গলবার দুপুরে বাঁশহাটি গ্রামে গিয়ে দেখা যায়, বিল্লালের বাড়িতে কেউ নেই। কয়েকজন প্রতিবেশী বলেন, ওই হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া বিল্লালের দুই ছেলে কিরণ মিয়া, রুবেল মিয়া ও একমাত্র মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী মুক্তাকে ঘটনার পরই তাঁদের মামার বাড়িতে সরিয়ে নেওয়া হয়। তবে বাবা ও এক ভাইকে চোখের সামনে খুন করার দৃশ্য দেখার পর থেকে কিরণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ঘটনার নয় দিন পর গত শনিবার রাতে কিরণ মারা যান।
বিল্লালের শ্যালক করিম নেওয়াজের বাড়িতে গিয়ে পাওয়া যায় বানেছাকে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় শেষবারের মতো স্বামী-সন্তানের মুখ দেখতে পারেননি তিনি। মেজো ছেলে কিরণের মৃত্যুর পর আত্মীয়রা তাঁকে (কিরণ) শেষবারের মতো দেখাতে বানেছাকে বাড়িতে আনেন। এরপর থেকে বানেছার কান্না আর থামছে না। ভাইদের আর্থিক সংগতি না থাকায় বানেছাকে আর হাসপাতালে পাঠানো হয়নি।
ঈদের কথা জিজ্ঞেস করতেই মেয়ে মুক্তাকে জড়িয়ে ধরে বানেছা কেঁদে ওঠেন। এরপর বলতে থাকেন, ‘আমি কিছুই চাই না, আমার স্বামী ও ছেড়াইনরে আইন্যা দেওহাইন।’ কান্না থামলে এক প্রশ্নের উত্তরে বানেছা বলেন, ‘উৎসব কইন আর আনন্দই কইন, গরিবানা মতে আমরা মুডামুডি ঈদ করতাম। আমারে নয়া শাড়ি ও ছেড়াইনরে নয়া পিরান উপহার দিতাইন বিল্লাল মিয়া। কিন্তু আমরার সব আনন্দ কাইড়া নিয়া গেছে খুনিরা।’
বানেছার ভাই বকুল মিয়া (৫০) বলেন, ‘মামলার সব আসামি ধরা পড়েনি। বাড়িতে ঢুকে একটি পরিবারের সবাইকে কুপিয়ে খুন করার সাহস দেখিয়েছে খুনিরা। এমনকি ধাওয়া করে রাস্তায় ফেলে হত্যা করেছে দুই ছেলেকে। তাই আমরা সবাই আতঙ্কে থাকি সব সময়। ভয়ে বানেছা ও তাঁর সন্তানেরা নিজ বাড়িতে থাকতে সাহস পাচ্ছেন না।’