'সব ঠেলা-ধাক্কা যাইতাছে সাধারণের ওপর দিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর কত মানুষ মরলে দুই নেত্রীর ঘুম ভাঙব? এক নেত্রী হরতাল-অবরোধ ডাইকা মানুষ মারতাছে। আরেক নেত্রী সংকটের শেষ না কইরা চুপ কইরা খালি দেখতাছে। সব ঠেলা-ধাক্কা তো যাইতাছে সাধারণ পাবলিকের (মানুষ) ওপর দিয়া।’ এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া সিলেট শহরের পাঠানটোলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. জয়নাল মিয়ার।
কেবল জয়নাল মিয়াই নন, এ রকম আরও অন্তত ২০ জন সাধারণ মানুষ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। দ্রুত সংকট নিরসনে দুই প্রধান রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানান। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট নগরের বিভিন্ন এলাকায় নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এ প্রতিবেদকের আলাপ হয়।
সুবিদবাজার এলাকার মুদি দোকানি ইসমাইল উদ্দিন বলেন, গত এক মাসে তাঁর দোকানে বিক্রি হয়েছে মাত্র ৩৫ হাজার টাকার। স্বাভাবিক সময়ে তাঁর ৬৫ থেকে ৭০ হাজার টাকার বিক্রি হয়। কম বিক্রি হওয়ায় দোকানভাড়া ও কর্মচারীদের বেতন দিতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন।
ব্রহ্মময়ীবাজারের সবজি ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বলেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে সবজির দাম বেশি। এ কারণে কেজিপ্রতি সব সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী হাসু মিয়া বলেন, রাজনৈতিক পরিস্থিতির যতই অবনতি হচ্ছে, ততই ব্যবসা-বাণিজ্যের অবস্থা খারাপ হচ্ছে। দুই নেত্রীর একগুঁয়েমির কারণে এমন হচ্ছে। মানুষের মনের মতিগতি না বুঝেই তাঁরা রাজনীতি করছেন। মানুষের ক্ষতি করে—এমন রাজনীতি সাধারণ মানুষ চায় না।
ব্যাংক কর্মকর্তা ও নাট্যসংগঠক মু. আনোয়ার হোসেনের সঙ্গে কথা হয় বন্দরবাজার এলাকায়। তিনি বলেন, ‘হুটহাট পেট্রলবোমা, ককটেল ফুটছে। পথচারী-যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই নিরাপদ নন। কে যে কখন রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে মৃত্যুর দিকে ধাবিত হবেন—তারও তো কোনো নিশ্চয়তা নেই। এ সংকটের সমাধান কী—আমরা ঠিক ভেবে উঠতে পারছি না।’