'সবচেয়ে ভালো ছাত্ররা এখন দুর্নীতি করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবচেয়ে ভালো ছাত্ররা এখন দুর্নীতি করে। প্রকৌশলীরা টাকা ছাড়া বিদ্যুতের লাইন দেন না। চিকিৎসকেরা টাকা ছাড়া লাশের ময়নাতদন্ত করতে চান না। ভালো ছাত্ররাই প্রকৌশলী ও চিকিৎসক হন। তবে শিক্ষকেরা শিক্ষকতার মহান পেশাকে ধারণ করে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যান।’
গতকাল শনিবার কুমিল্লায় আয়োজিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আ ক ম বাহাউদ্দিন এসব কথা বলেন। সকাল ১০টায় নগরের টাউন হল মিলনায়তনে জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সমাবেশ হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান ইমাম মজুমদারের সভাপতিত্বে ওই সমাবেশ হয়। এতে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রউফ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম প্রমুখ।